১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের নামফলক রং দিয়ে মুছে দেওয়া হয়েছে

এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 08:27 PM

Updated : 16 Nov 2026, 08:27 PM

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের একটি নামফলক সাদা রং দিয়ে মুছে ফেলা হয়েছে।

রৌমারী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, রোববার গভীর রাতের কোনো এক সময় উপজেলার শহীদ মিনার ও পাশের চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

কয়েকজন মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চানমারী এলাকায় প্রশিক্ষণ নিয়েছিলেন তারা। ওই সময়ের স্মৃতি সংরক্ষণে সেখানে গুলির চিহ্নসহ নয়জন বীর মুক্তিযোদ্ধার নাম সংবলিত একটি নামফলক স্থাপন করা হয়েছিল। রাতের আঁধারে কে বা কারা সাদা রং দিয়ে নামফলকে থাকা মুক্তিযোদ্ধাদের নাম মুছে দেয়।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বলেন, তিনি শহীদ মিনার এলাকায় গিয়ে নামফলকটি সাদা রং দিয়ে মুছে ফেলার বিষয়টি দেখতে পান। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

দেওয়ানগঞ্জের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলম মিয়া বলেন, “আমি এই রৌমারীতে প্রশিক্ষণ নিয়েছি। ঘটনার কথা শুনেই এখানে এসেছি। সে সময় এখানে অনেক প্রশিক্ষণ হয়েছে। ১৯৭১ সালের স্মৃতি যারা মুছে দিতে চায়, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।”

রৌমারী উপজেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের নেতৃত্বে হাজার হাজার মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চানমারীতে সেই সময়ের শত শত গুলির চিহ্ন রয়েছে। দেশের জন্য জীবন দেওয়া বীর মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে ফেলার ঘটনায় আমরা নিন্দা জানাই। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।”

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, “বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছি। রাতের অন্ধকারে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। তারপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”