লাইসেন্স ছাড়াই বন্যপ্রাণীর ব্যবসা, ১৫০ পাখি উদ্ধার
পাখিগুলো অবমুক্ত করার কথা বলেছে কর্তৃপক্ষ।
লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বণ্যপ্রাণী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১৫০টি পাখি উদ্ধার করা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট শুক্রবার সকালে সাভারের চাঁপাইন পূর্বপাড়া এবং রাজধানীর মিরপুর থেকে দেশীয় বিভিন্ন প্রজাতির ১৫০টি পাখি উদ্ধার করে। তবে পাখি ব্যবসায়ী শাহ আলম পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ঢাকার পরিদর্শক নার্গিস সুলতানা সাংবাদিকদের বলেন, বন্যপ্রাণী ব্যবসার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে দুই স্থানে অভিযান চালানো হয়। মূলত তারা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এই ব্যবসা চালাচ্ছিল।
এর মধ্যে সাভার থেকে ১০০ এবং মিরপুর থেকে ৫০টি পাখি উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পাখিগুলো অবমুক্ত করা হবে।
এ ব্যাপারে মামলা হবে বলে জানান পরিদর্শক নার্গিস সুলতানা।
