পাচারের সময় শাহজালালে ১১৬৩টি কচ্ছপসহ গ্রেপ্তার ১
উদ্ধার করা কচ্ছপগুলোকে দ্রুত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
পাচারের সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশীয় প্রজাতির ১১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে আইন প্রয়োগকারী সংস্থা ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিমানবন্দরের এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং নির্বাহী হাকিমসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে যৌথ অভিযান চালিয়ে কচ্ছগুলো জব্দ করে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে বাটিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়াগামী যাত্রী শহীদুল ইসলামকে আটক করা হয়। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৬৩টি জীবন্ত কড়ি কাইট্টা কচ্ছপ জব্দ করা হয়।
গ্রেপ্তার শহীদুলের বাড়ি টাঙ্গাইলের মাহমুদ নগরের হাসানাবাদ এলাকায়।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে আটক শহীদুল তেমন কিছু জানাতে পারেননি। তিনি শুধু অর্থের বিনিময়ে লাগেজ পার করার দায়িত্ব নিয়েছিলেন বলে তথ্য দিয়েছেন। আমরা ধারণা করছি এর পেছনে অন্য একটি পাচারকারী চক্র কাজ করছে। সেই চক্রকে খুঁজে বের করতে আমরা চেষ্টা চালাচ্ছি।”
বন অধিদপ্তরের তথ্যানুযায়ী আটক শহীদুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা কচ্ছপগুলোকে প্রাথমিক পরিচর্যা শেষে দ্রুতই প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
