২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স ছাড়াই চলছিল কার্যক্রম, কুমিল্লায় দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা

এছাড়াও কেয়ার ওয়ানকে ৮০ হাজার ও এপসম মেডিকেল সার্ভিসেসকে ৭ হাজার জরিমানা করা হয়েছে।

লাইসেন্স ছাড়াই চলছিল কার্যক্রম, কুমিল্লায় দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলগালা

কুমিল্লায় অনুমোদনহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2023, 06:23 PM

Updated : 15 Dec 2023, 06:23 PM

কুমিল্লার বাদুরতলা এলাকায় অবস্থিত কুমিল্লা এপসম মেডিকেল সার্ভিসেস। প্রতিষ্ঠানটির সামনেই লেখা রয়েছে 'আপনার সুস্বাস্থ্যের প্রথম ধাপ'; অথচ প্রতিষ্ঠান পরিচালনার প্রথম ধাপ লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছিল তারা।

অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগে বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আবদুল কাইয়ুম।

এ সময় লাইসেন্স না থাকাসহ আরও অভিযোগে একই এলাকার 'কেয়ার ওয়ান' নামের আরেকটি ডায়াগনস্টিক সেন্টারও সিলগালা করেছেন জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এছাড়াও কেয়ার ওয়ানকে ৮০ হাজার ও এপসম মেডিকেল সার্ভিসেসকে ৭ হাজার জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ অধিকারীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আবদুল কাইয়ুম ও মেহেদী হাসান।

মেডিকেল অফিসার আবদুল কাইয়ুম জানান, কেয়ার ওয়ান ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার এবং এপসম মেডিকেল সার্ভিসেস নামের প্রতিষ্ঠান দুটিতে গিয়ে পাওয়া যায়নি কোনো চিকিৎসক। সি ক্যাটাগরির প্রতিষ্ঠান হয়েও বি ক্যাটাগরির বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করত তারা, ছিল না লাইসেন্সও।

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় ছাড়াও প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর মান অসন্তোষজনক হওয়ায় তাদের সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। শর্তপূরণ না করে এসব প্রতিষ্ঠান আর খুলতে পারবে না।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]