কুড়িগ্রাম কারাগারে ৪৫ ভাগ কয়েদিই মাদক মামলার আসামি
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কুড়িগ্রাম কারাগারে বন্দী কয়েদিদের মধ্যে প্রায় অর্ধেকই মাদক মামলার আসামি বলে জানিয়েছেন কারগারটির জেলার।
জেলার আবু সায়েম বলেন, কারাগারের মোট কয়েদির ৪৫ ভাগ বিভিন্ন মাদক মামলার আসামি। তবে তা গত কয়েক বছরের তুলনায় অর্ধেকে নেমে এসেছে।
রোববার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কুড়িগ্রামে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে র্যালি, আলোচনাসভা, মাদক জীবন থেকে মুক্ত জীবনে ফিরে আসার গল্পগাঁথা ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ব্যবসায়ীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
“যারা মাদকের মত মরণব্যাধী নেশায় আসক্ত হচ্ছে তাদেরকে মোটিভিশনের মাধ্যমে পূর্বের অবস্থায় ফিরে আনতে পরিবারসহ সবাইকে দায়িত্ব নিতে হবে,” বলেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, সিভিল সার্জন মঞ্জুর-এ-মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবু জাফর।
