২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় দেড় কেজি গাঁজাসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

শারমিন দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধির আড়ালে জেলাজুড়ে মাদক বিক্রি করে আসছিলেন বলে জানায় পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 03:23 PM

Updated : 10 Aug 2023, 03:23 PM

পাবনা সদরে দেড় কেজি গাঁজাসহ এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকালে শহরের মেরিল বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পাবনা ডিবি পুলিশের ওসি মো. এমরান মাহমুদ তুহিন জানান।

গ্রেপ্তার শারমিন আক্তার (৩০) আটঘড়িয়া উপজেলার দেবোত্তর মহল্লা নিজামুল হকের স্ত্রী। তিনি আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

পুলিশ জানায়, শারমিন দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধির আড়ালে জেলাজুড়ে মাদক বিক্রি করে আসছিলেন। নারীদের নিয়ে মাদক বিক্রির একটি চক্র গড়ে তুলেছে তিনি। জেলার বাইরেও তারা মাদক সরবরাহ করে থাকেন।

ওসি তুহিন বলেন, বুধবার বিকালে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বেশ কয়েকজন নারী মাদক বিক্রি ও পাচারের জন্য অবস্থান করছেন, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শারমিনকে আটক করা হয়। এ সময় তার কাছে দেড় কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

পরে শারমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি তুহিন।