১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চালককে কোপাতে গিয়ে পিকআপ ভ্যান চাপায় ডাকাতের মৃত্যু

গাড়ি উল্টে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান, বলছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2025, 05:47 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

চাঁদপুরের কচুয়া উপজেলায় পিকাআপ ভ্যানের চাপায় এক ডাকাত সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার শিমুলতলী এলাকার কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কচুয়া থানার ওসি এম আবদুল হালিম।

নিহত মো. মহসিন (৩৮) কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।

তাকে ডাকাতদলের সদস্য বলছে পুলিশ।

ওসি বলেন, “ঢাকা থেকে অটোবাইকের যন্ত্রাংশ নিয়ে পিকআপ ভ্যানটি কচুয়া আসার পথে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

“এ সময় তারা পিকআপভ্যান চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারায় এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ডাকাত সদস্য মহসিন মারা যায়।”

ডাকাত দলের বাকি সদস্যদের প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। পরে নিহত ডাকাত সদস্যের লাশ ময়নাতদন্তের জন্যে চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়।”

ওসি এম আবদুল হালিম বলছেন, পিকআপ চালক লোকমান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের মোতালেবের ছেলে। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।