১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ওসমান হাদিকে গুলি: নারায়ণগঞ্জে বিভিন্ন সংগঠনের মিছিল-বিক্ষোভ

ছাত্র ফেডারেশন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদল, ছাত্রশিবির ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা আলাদা প্রতিবাদ সমাবেশ করেছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে ছাত্র ফেডারেশন। একই ঘটনায় শহরে মিছিল করেছেন জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদল, ছাত্রশিবির ও খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। পরে তারা মশাল হাতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্ব ও জেলা কমিটির সাবেক সভাপতি ফারহানা মানিক মুনার পরিচালনায় এতে নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী অঞ্জন দাস, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বীথি এবং জেলা সভাপতি সাইদুর রহমান বক্তব্য দেন।

তারা ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত শনাক্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান।

তরিকুল সুজন বলেন, “তফসিল ঘোষণার পরদিনই এইটা কেবল ওসমান হাদির উপর গুলি নয়, এইটা নির্বাচন-ব্যবস্থা ও অভ্যুত্থানকারী শক্তির উপরেও হামলা। অন্তর্বর্তী সরকার ১৬ মাসেও একটি নির্বাচনি পরিবেশ তৈরি করতে পারেনি। 

“লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেননি। নারায়ণগঞ্জে বাসস্ট্যান্ড দখল নিতে গুলি ছোড়ার ঘটনা দেখেছি। কিন্তু প্রশাসন সেসব অস্ত্র উদ্ধারেও ব্যর্থ হয়েছে। আমরা এই প্রশাসনকে ধিক্কার জানাই।”

সন্ধ্যায় তাৎক্ষণিক মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনে দলটির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ও নারায়ণগঞ্জ-৫ এর প্রার্থী আহমেদুর রহমান তনু, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী এবং সদস্য জাবেদ আলম উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বেরিয়ে শহরের নবাব সলিমুল্লাহ খান সড়ক প্রদক্ষিণ করে।

এনসিপি নেতা আব্দুল্লাহ আল আমিন বলেন, “ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আছেন। আমরা প্রশাসনকে বলতে চাই, ‘জুলাই যোদ্ধাদের’ যদি আপনারা নিরাপত্তা না দিতে পারেন তাহলে দায়িত্ব পালনের দরকার নাই।”

তফসিল ঘোষণার পরদিন সড়কে প্রকাশ্যে গুলির ঘটনায় সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এ নেতা।

ওসমান হাদির উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের নেতৃত্বে মিছিল হয়েছে। তারা শহরের চাষাঢ়ায় মিছিল করেন।

একই ঘটনার প্রতিবাদে মিছিল করেছেন খেলাফত মজলিস ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও।

সারাদেশে সন্ত্রাসী কার্যক্রমে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান শিবিরের মহানগর সভাপতি মো. ইসমাইল। এ সময় সাধারণ সম্পাদক অমিত হাসানসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিসের মিছিলে নারায়ণগঞ্জ-৪ আসনে দলটির প্রার্থী ইলিয়াস আহমদ, খেলাফত মজলিসের মহানগরের সহসাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমাদ, সদর থানার সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক আব্দুল গণি এবং ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ উপস্থিত ছিলেন।

এদিন জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।

হামলাকারীরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয়