২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

তিন দিন আগে হাজেরার ডেঙ্গু শনাক্ত হয়; হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতেই ছিলেন বলে জানায় স্বজনরা।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 03:55 PM

Updated : 03 Aug 2023, 03:55 PM

ভোলার চরফ্যাশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যুর কথা জানায় চিকিৎসক।

বুধবার রাতে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে তিনি মারা যান বলে চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন বসাক জানান।

মৃত হাজেরা বেগম (৩৪) উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের বাসিন্দা।

হাজেরার বড় ভাই লোকমান বলেন, “৩০ জুলাই হাজেরার ডেঙ্গু শনাক্ত হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে আসেন। বুধবার রাতে ৮টায় হঠাৎ তার শরীর অস্বাভাবিক ফুলে উঠে।

“পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময়ে খিঁচুনি উঠলে সেখানেই মারা যান তিনি।”

স্বাস্থ্য কর্মকর্তা শোভন বলেন, “ডেঙ্গু আক্রান্ত ওই নারীকে হাসপাতালে আনার আগেই মারা যান। আগে কোথায় তিনি ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন তা আমরা জানি না।”

এখন পর্যন্ত চরফ্যাশনে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

ভোলার সিভিল সার্জন কে এম শফিকুজ্জামান বলেন, জেলায় দ্রুত ডেঙ্গু রোগী বাড়ছে। এ জন্য মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।

এর আগে ২১ জুলাই ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রাজিব নামের এক যুবকের মৃত্যু হয়েছে; যা জেলায় প্রথম ছিল।