২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ‘ডিবি ও সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ শিক্ষার্থী

ওই চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা করা হয়েছে।

খুলনায় ‘ডিবি ও সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ শিক্ষার্থী
খুলনায় একটি বাড়িতে ঢুকে ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার চার শিক্ষার্থী।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2025, 03:17 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

খুলনা নগরীতে একটি বাড়িতে ঢুকে গোয়েন্দা পুলিশ-ডিবি ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের সোনাডাঙ্গা থানার বয়রার আজিজের মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

এ ঘটনায় শুক্রবার সকালে সোনাডাঙ্গা থানায় মামলা করেছেন বাড়ির বাসিন্দা ইফতেয়ার উদ্দিন। মামলায় ওই চারজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগ করা হয়েছে।

গ্রেপ্তারা হলেন- খুলনা সদর থানার বাগমার এলাকার মাসুদ রানা, মিস্ত্রিপাড়া এলাকার ফয়সাল মাহমুদ, টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার মো. সালাউদ্দিন এবং শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ রাফি। তারা খুলনার বিভিন্ন কলেজে পড়াশোনা করেন।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “ইফতেয়ার ওই বাড়িতে ভাড়ায় থেকে অনলাইনে জুয়ার ব্যবসা করেন, এমন অভিযোগ তুলে ওই চারজন রাতে বাড়িটিতে প্রবেশ করেন। এ সময় তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। 

“টাকা না দিলে ইফতেয়ারকে মারধর করে তার ঘর থেকে স্বর্ণালংকার লুট করা হয়। এ সময় ইফতেয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে চার শিক্ষার্থীকে আটক করে থানায় খবর দেয়।”

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান বলে জানান পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।