২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির কথা বলে ‘লিবিয়ায়’, নিখোঁজ শাহাবুলের স্বজনরা উৎকণ্ঠায়

এ বিষয়ে পুলিশের পরামর্শে আদালতে মামলা করেও কোনো ফল পাচ্ছেন না বলে জানান নিখোঁজ শাহাবুলের বাবা।

ইতালির কথা বলে ‘লিবিয়ায়’, নিখোঁজ শাহাবুলের স্বজনরা উৎকণ্ঠায়

শাহাবুল মাতুব্বর

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 07:38 PM

Updated : 15 Jun 2023, 08:38 PM

ইতালি পাঠানোর কথা বলে টাকা নিয়ে মাদারীপুর সদরের এক যুবককে লিবিয়ায় জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। সেখানে হত্যার হুমকি দিয়ে চার লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায় করেও স্বজনরা যুবক শাহাবুলের কোনো খোঁজ পাচ্ছেন না গত এক বছর ধরে।

এ বিষয়ে আদালতে মামলা করেও কোনো ফল পাচ্ছেন না মামলার বাদী নিখোঁজ শাহাবুল মাতুব্বরের বাবা সদর উপজেলার নয়াচর গ্রামের গফুর মাতুব্বর। ফলে পুরো পরিবারটি এক বছর ধরে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন পার করছে।

গফুর মাতুব্বর জানান, মুক্তিপণ দিয়েও ছেলেকে ফিরে না পেয়ে গত ২৩ মে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করতে যান তিনি। থানা থেকে আদালতে মামলা দায়ের করতে পরামর্শ দেওয়া হয়।

পরে আদালতে গিয়ে মামলা করলেও পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।

মামলার নথি থেকে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুমড়াখালী গ্রামের এমদাদ বেপারীর খালাতো ভাই ইতালি প্রবাসী আল-আমিন হাওলাদার দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে সরাসরি বিমানে ইতালি লোক পাঠান।

পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ইতালি যাবেন বলে এমদাদ বেপারীর কথায় ২০২২ সালের ১২ মার্চ ১৫ লাখ টাকা দেন শাহাবুল মাতুব্বর।

টাকাগুলো এমদাদ বেপারী (৫০), আয়শা বেগম (৪০), লক্ষীগঞ্জ গ্রামের নাসির তালুকদার (৩৫) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৮), আল-আমিন হাওলাদার (৩৫) ও হাজরাপুর গ্রামের ফিরোজ হাওলাদারকে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, পরে ওই বছরের ২৫ মার্চ মাদারীপুরের নয়াচর গ্রামের বাড়ি থেকে মানবপাচারকারী চক্রটি শাহাবুলকে সরাসরি ইতালি না পাঠিয়ে লিবিয়ার মাফিয়াদের হাতে তুলে দেয়।

সেখানে বন্দী অবস্থায় শাহাবুলকে দিয়ে মোবাইল ফোনের মাধ্যমে আরও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে মাফিয়ারা। না হলে তাকে মেরে  ফেলার হুমকি দেওয়া হয়। ৫ লাখের মধ্যে ধারদেনা করে মুক্তিপণের ৪ লাখ ৩০ হাজার টাকা স্থানীয় মানবপাচারকারী আসামিদের কাছে দেওয়া হলেও শাহাবুলকে মুক্তি দেওয়া হয়নি।

গত এক বছর ধরে শাহাবুলের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না তার স্বজনরা। এমনকি যুবকের কোনো খোঁজ-খবরও পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শাহাবুলের বাবা গফুর মাতুব্বর বলেন, “আমার ছেলেকে ইতালি নিবে বলে আমাদের কাছে থেকে ১৫ লাখ টাকা নেয় চক্রটি। পরে ছেলেকে লিবিয়ায় আটকে রেখে আরও ৪ লাখ ৩০ হাজার টাকা মুক্তিপণ নেয়। তবুও আমার ছেলেকে ইতালি পৌঁছে দেয়নি কিংবা জীবিত আমাদের কাছে ফেরত দেয়নি। আমার ছেলে এখন বেঁচে আছে কিনা সেটিও আমরা জানি না। এদিকে মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিলেও পুলিশ এখন প্রধান আসামি এমদাদ বেপারীসহ অন্যদের গ্রেপ্তার করতে পারেনি। ছেলেকে ফিরে না পেয়ে আমরা পুরো পরিবার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি।”

নিখোঁজ শাহাবুলের মামাতো ভাই মো. ইদ্রিস মোল্লা বলেন, “শাহাবুলকে ইতালি পাঠানোর টাকা লেনদেনে আমি উপস্থিত ছিলাম। কিন্তু ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া নিয়ে আমার ভাইকে বন্দী করে রাখা হয়েছে। আমরা গত এক বছর ধরে তার কোনো হসিদ পাচ্ছি না। থানা পুলিশের কাছে আমার অনুরোধ, তারা যেন অবিলম্বে মামলায় উল্লেখিত মানব পাচারকারী আসামিদের গ্রেপ্তার করে শাহাবুলকে উদ্ধারের ব্যবস্থা করে দেয়।”

এ বিষয়ে কথা হয় মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে।

তিনি বলেন, “এই মামলার প্রধান আসামি এমদাদ বেপারীকে আমরা গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। তাকে গ্রেপ্তার করতে পারলে শাহাবুলের খোঁজ পাওয়া যাবে। আমাদের চেষ্টা অব্যাহত আছে।”