২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনো ‘স্যাংশন’ মোকাবিলার যোগ্যতা বাংলাদেশের আছে: কৃষিমন্ত্রী

আব্দুর রাজ্জাক বলেন, “বাংলাদেশের জাতীয় আয় আমরা নয় গুণ বৃদ্ধি করেছি। এই বাজেট প্রণয়ন হলে এটি আরও বৃদ্ধি হবে।”

যেকোনো ‘স্যাংশন’ মোকাবিলার যোগ্যতা বাংলাদেশের আছে: কৃষিমন্ত্রী

মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2023, 04:43 PM

Updated : 02 Jun 2023, 05:13 PM

কোনো নিষেধাজ্ঞা বা ‘স্যাংশন’ দিয়ে দেশের উন্নয়ন বা গণতন্ত্রকে ব্যাহত করা যাবে না, তা মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। 

‘স্যাংশন’ নিয়ে আওয়ামী লীগ মোটেই বিচলিত নয় জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, “কোনো স্যাংশন বাংলাদেশের উন্নয়ন বা গণতন্ত্রকে ব্যাহত করতে পারবে না। আপনারা যত ধরনের স্যাংশনই দেন তা মোকাবিলা করার মতো যোগ্যতা বাংলাদেশের আছে।” 

শুক্রবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিরোধী দলকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, “বাজেট বিষয়ে বিএনপির নেতা-কর্মীরা গত ১৪ বছর যাবতই বলেন ‘এটা উচ্চ বিলাসী বাজেট, অবাস্তব বাজেট, কল্পনা ভিত্তিক বাজেট।’ আমরা বলছি, এই বাজেট বাস্তবসম্মত। অতীতেও আমরা সফল হয়েছি। আগামী দিনেও এই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে আমরা সফল হব।” 

মন্ত্রী বলেন, “প্রতি বছরই আমরা স্মার্ট বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে বাজেট দিয়েছি। সেই লক্ষ্যে অদম্য গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। 

“বিদেশি বিভিন্ন পত্র-পত্রিকা বলে ‘অদম্য বাংলাদেশ’। সেই অদম্য বাংলাদেশের অপ্রতিরোধ্য গতি। আমরা উন্নয়নের মহাসড়কে এই গতিকে আরও বেগবান করবো। এই বাজেটের মাধ্যমে উন্নয়নকে আর গতিময় করব।” 

আব্দুর রাজ্জাক বলেন, “বাংলাদেশের জাতীয় আয় আমরা নয় গুণ বৃদ্ধি করেছি। এই বাজেট প্রণয়ন হলে এটি আরও বৃদ্ধি হবে।”

এই বছরের বাজেটে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী আরও বলেন, “গ্রামীণ ও পল্লী বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই বাজেটে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিনামূল্যে না হলেও অনেক সহযোগিতা দিয়ে কম্বাইন হারবেস্টারসহ কৃষির বিভিন্ন যন্ত্রপাতি আমরা কৃষকদের দিচ্ছি।” 

ফ্রি মেডিকেল ক্যাম্পে মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ। 

এই মেডিকেল ক্যাম্পে ১০০ জন চিকিৎসক দিনব্যাপী রোগীদের সেবা প্রদান করবেন।