২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

“গ্যাসের পাইপ লিক হয়ে যাওয়ার এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 01:08 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   

শহরের বাগেরপাড় এলাকায় রোববার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান।

আহতরা হলেন-একই এলাকার জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)।

তারা বাগেরপাড় এলাকায় সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকেন।

আহাদুজ্জামান বলেন, “রাতে মশার কয়েল ধরানোর জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আহত হন তানিয়া ও তার স্বামী জুয়েল এবং মেয়ে সোহাগী।

“খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে পাঠানো হয় রাজধানী ঢাকার বার্ণ ইউনিটে।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলছেন, “গ্যাসের পাইপ লিক হয়ে যাওয়ার এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকারে হয়েছে।”