বাগেরহাটে নারীর দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বাবা ও সৎ ভাইয়ের বিরুদ্ধে
স্বামী ও ছেলের নির্যাতনের কথা স্বীকার করেছেন সৎ মা।
বাগেরহাটে ‘তালাকের পাওনা টাকা এবং জমির বিরোধের জেরে’ এক নারীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তারই বাবা ও সৎ ভাইদের বিরুদ্ধে।
হামলায় আহত মেহনাজ আক্তার (৩৫) বাগেরহাট সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে শরণখোলা থানার ওসি মো. একরাম হোসেন জানিয়েছেন।
তিনি বলেন, “শরণখোলায় পারিবারিক দ্বন্দ্বে বাবা ও সৎ ভাইদের হাতে একজন নারী নির্যাতনের শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
“তাকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হলে মামলা নেওয়া হবে। যারা এই ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
গত ১৭ জুলাই শরণখোলার ধানসাগর ইউপির নলবুনিয়া গ্রামে ওই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি থাকা মেহনাজের সঙ্গে কথা বলে জানা যায়।
হাসপাতালের শুয়ে মেহনাজ বলেন, “আমার বাবা সিদ্দিকুর রহমান পাঁচবার বিয়ে করেছেন। আমার মা তার দ্বিতীয় স্ত্রী। আমার যখন তিন মাস বয়স তখন মা মারা যান। মা মারা যাওয়ার পর আমি আমার বড় মায়ের ভাইয়ের বাড়িতে মানুষ হই। ছয়-সাত বছর বয়স হলে আমাকে বাবা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন। সেই থেকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি।
“এরপর আমার বিয়ে হয়ে যায়। সেখানে স্বামী সন্তান নিয়ে সুখেই ছিলাম। কিন্তু আমার পরিবারের কারণে সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। স্বামীর সঙ্গে তালাক হয়ে যায়। তালাকের সময় স্বামীর কাছ থেকে ভরণপোষণের তিন লাখ সাত হাজার টাকা পাই, ওই টাকা আমার বাবার কাছে রাখি।
“ওই টাকা ও আমার অংশের জমি এবং আমার প্রবাসী এক চাচার সম্পত্তি বুঝে চাওয়ায় আমার বাবা সিদ্দিকুর রহমান ও সৎ ভাইয়েরা মিলে একটি দোকানে এক ঘণ্টার বেশি সময় আটকে রেখে লাঠি ও লোহার রড দিয়ে বেদম পিটিয়ে ডান ও বাম পা ভেঙে দিয়েছে।”
মেহনাজের সৎ মা কোহিনূর বেগম বলেন, “তার বাবা ও সৎ ভাইয়েরা তাকে মারপিট করেছে একথা সত্য।”
তবে পাল্টা অভিযোগ করেন তিনি বলেন, “মেহনাজের চলাফেরা বেশ উচ্ছৃঙ্খল। এই কারণে স্বামী তাকে তালাক দিয়েছে। তালাকের পর স্বামীর কাছ থেকে পাওয়া টাকা সেই নিয়েছে।… মেহনাজের জমির অংশ দলিল করে এবং তালাকের পাওনা টাকা তাকে তার বাবা দিয়ে দিয়েছেন।
বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, শরণখোলার মেহনাজ নামে একজন নারী রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার দুই পা ভেঙে গেছে। এছাড়াও তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
