চাঁদপুরে নিখোঁজের একদিন পর মিলল চালকের হাত-পা বাঁধা লাশ
একদিন আগে সাব্বির ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বলে জানায় পরিবার।
চাঁদপুরের কচুয়া উপজেলা থেকে নিখোঁজের একদিন পর এক ইজিবাইক চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালাখাল-উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে মরদেহটি পড়েছিল বলে জানান কচুয়া থানার ওসি মিজানুর রহমান।
নিহত সাব্বির হোসেন (২৫) উপজেলা ভূঁইয়ারা গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সাব্বিরের মা জাহানারা বেগম বলেন, বুধবার বিকালে সাব্বির ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। রাতে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে শনাক্ত করা হয় বলে তিনি জানান।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে; তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে জানান ওসি মিজানুর রহমান।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পিবিআই চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তদন্তের মাধ্যমে দায়ীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
