৮৪ বছরের সাজা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন জলদস্যু মনির
মনিরকে নোয়াখালী জেলা সদরের হাসপাতাল সড়ক থেকে গ্রেপ্তার করে র্যাব।
ডাকাতি, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন মামলায় ৮৪ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে আসামি মো. মনির উদ্দিনকে (৪০) নোয়াখালী জেলা সদরের হাসপাতাল সড়ক থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১১ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান।
মনির হাতিয়া উপজেলার পশ্চিম মাইজছড়া গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনির ভোলার মনপুরা থানার ডাকাতি মামলায় ৩২ বছর, অপহরণ মামলায় ১০ বছর, অস্ত্র মামলায় ২৪ বছর এবং চরফ্যাশন থানার অপহরণ ও অস্ত্র মামলায় ১৮ বছরের সাজাপ্রাপ্ত। এ ছাড়া মনিরের বিরুদ্ধে আরও ৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
“জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী মনির ও তার বাহিনীর সদস্যরা নোয়াখালীর হাতিয়া, চট্রগ্রামের সন্দ্বীপ ও ভোলার উপকূলীয় এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধ চালিয়ে আসছিলেন।
মনিরকে নোয়াখালীর হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
