১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহীতে ঝড়ে বটগাছ উপড়ে দোকানে বসা ৩ জনের মৃত্যু

রাজার মোড়ে স্থানীয় কয়েকজন দোকানে বসেছিলেন। এ সময় বটগাছ উপড়ে পড়লে তারা নিচে চাপা পড়ে যান।

রাজশাহীতে ঝড়ে বটগাছ উপড়ে দোকানে বসা ৩ জনের মৃত্যু
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:52 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

রাজশাহীর বাঘা উপজেলায় ঝড়ে উপড়ে পড়া বটগাছের নিচে চাপা পড়ে তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় দিকে বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঘা থানার ওসি আমিনুল ইসলাম। 

নিহতরা হলেন, মুরাদ আলীর ছেলে জালাল উদ্দিন (৪০), রিয়াজ আলীর ছেলে জাকিরুল (৩০), হাসেন আলীর ছেলে সেন্টু (৪০)।

আহতরা হলেন, তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল, জান মোহাম্মদের ছেলে আজগর।

নিহত ও আহতদের সবার বাড়ি চকবাউসা গ্রামে।

ওসি আমিনুল বলেন, মঙ্গলবার রাতে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়, এ সময় রাজার মোড়ে স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন। এ সময় বটগাছ উপড়ে পড়লে তারা নিচে পড়ে যান। 

খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ছাড়াও স্থানীয় লোকজন চাপা পড়াদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাবিলা মেহনাছ বলেন, গাছ চাপা পড়ার ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আর চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।