২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২

“তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 05:23 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

সোমবার সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানান।

আটক দুইজনের বাড়ি কিশোরগঞ্জে। তারা সম্পর্কে আপন দুই বোন।  

প্রক্টর রাশিদুল আলম বলেন, “আজ 'বি' ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন এক শিক্ষার্থী। এ সময় মোবাইল দেখে উত্তরপত্র (ওএমআর) পূরণ করেছিলেন তিনি। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে আসলে শৃঙ্খলা কমিটিকে তিনি অবগত করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল বডি এসে আটক ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে আসে।”

তিনি বলেন, “হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে তার বিপরীতে ওই শিক্ষার্থীর বড় বোন বাইরে থেকে উত্তরপত্র পাঠিয়েছেন বলে আটক শিক্ষার্থী স্বীকার করেছেন। ফলে পরীক্ষার হলের বাইরে অবস্থান করা তার বড় বোনকেও আটক করা হয়।”

রাশিদুল আলম আরও বলেন, “মোবাইল কোর্ট না থাকায় আটকদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা রুজু করণের বিষয়টি প্রক্রিয়াধীন। তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।”

৯ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে জাবি ভর্তি পরীক্ষা শুরু হয়। 'বি' ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্যে দিয়ে ১৭ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা শেষ হবে।