২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে পাখি দিয়ে মাছ শিকারের গল্প

জাপানের ইউয়াকুনি শহরের নিসহেকিগাওয়া নদীর উপর ষোড়শ শতাব্দীর কাঠের তৈরি এক ঐতিহাসিক ব্রিজ ‘কিনতাই ব্রিজ’, এটি পযটকদের কাছে এক আকর্ষণীয় জায়গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সারোয়ার আহমেদ সালেহীন, জাপানের ইয়ামাগুচি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2018, 02:38 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

সাধারণত শীতকালে যখন নিসহেকিগাওয়া নদীর দুপাশে সাকুরা বা চেরি ফুল ও অন্যান্য ফুল ফোটে তখন এর অদ্ভুত ও অসাধারণ সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট না করে পারে না। অন্যদিকে গ্রীষ্মকালে কিনতাই ব্রিজ ও নিসহেকি নদীর সৌন্দর্যও বেশ আকর্ষণীয়। জুলাই মাসের শুরুতেই নিসহেকিগাওয়া নদীতে রাতের বেলায় বোটিং বা নৌভ্রমন ও অন্ধকারে পোষ্য ইউ পাখি দিয়ে আয়ো মাছ ধরার দৃশ্য সত্যিই পযটকদের অন্যরকম আনন্দ দেয়।

মাছ ধরার এ বিশেষ ধরনের সামুদ্রিক পাখি যা জাপানি করমোরেন্ট বা জাপানি ভাষায় ‘ইউ পাখি’ নামে পরিচিত। এই ইউ পাখিকেই পোষ মানিয়ে মাছ ধরা হয় যা সত্যিই বেশ অদ্ভুত ও অসাধারণ। এ পাখিটি সাধারণত হাঁসের চেয়ে বড় আকৃতির। পোষ্য ইউ পাখি দিয়ে মাছ শিকারের এ অদ্ভুত ও জনপ্রিয় পদ্ধতিটি জাপানে বেশ পুরনো, ঐতিহ্যবাহী এবং শৈল্পিকও বটে। যদিও জাপানের জেলেরা আধুনিক পদ্ধতির মাধ্যমে মাছ ধরে থাকে তবুও এই পদ্ধতি এখনও কিছু জেলে শখের বশে ধরে রেখেছে।

এ পদ্ধতিতে দ্রুত মাছ ধরা যায়। সাধারণত মিঠা পানির সুস্বাদু আয়ো মাছ ধরা হয় এ পদ্ধতিতে। মাছ ধরার জন্য সামুদ্রিক ইউ পাখিকে বিশেষ ধরনের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পোষ মানানো হয়। ২ বছর বয়সি এসব পাখিকে বেশ কিছুদিন সময় নিয়ে মাছ ধরা বা শিকারের প্রশিক্ষণ দেওয়া হয়। যারা এ পাখির মাধ্যমে মাছ শিকার করে থাকেন সে জেলেদেরও বিশেষ প্রশিক্ষণ নিতে হয় পোষ্য পাখিকে নিয়ন্ত্রণ করার  জন্য।

এ ধরনের মাছ শিকারকে বলা ‘করমোরেন্ট ফিশিং’। অনেক যুগ ধরে এ পদ্ধতি জাপানে খুবই জনপ্রিয়। এ পদ্ধতিতে মাছ শিকারের আগে শিকারি পাখিকে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয় এবং পাখির গলা বা নেক এমনভাবে বাঁধা হয় যেন শ্বাস-প্রশ্বাস নিতে কোনো কষ্ট না হয়। এটা করা হয় যেন ক্ষুধার্ত অবস্থায় এটি মাছ শিকার করে মাছ গিলে ফেলতে না পারে। ৮-১০ ইঞ্চি বড় মাছ শিকার হয়ে পাখির গলায় আটকে থাকে এবং পাখি দড়ি দিয়ে বাঁধা থাকে যা সংশ্লিষ্ট জেলে দড়ির অন্য প্রান্ত ধরে নিয়ন্ত্রণ করে।

যদিও পদ্ধতিটি বেশ জটিল, কিন্তু প্রশিক্ষিত শিকারি পাখি ও শিকারি জেলেদের জন্য এটা খুবই সহজ। এভাবে কিছুক্ষণ মাছ শিকারের পর তীরে এসে ক্ষুধার্ত পাখিদের বেশ যত্নের সঙ্গে খাবার দেওয়া হয়। এ পদ্ধতিতে রাতের বেলায় নৌকায় মশালের আগুন জ্বালিয়ে সাধারণত অগভীর নদীতে মাছ শিকার করতে জাপানি জেলেরা অনেককাল ধরে অভ্যস্ত।

একটি নৌকায় এক ঝাঁক ইউ পাখি বা প্রায় ৮-১০টি পাখি আলাদাভাবে দড়ি দিয়ে বাঁধা থাকে। দড়ির অন্য প্রান্ত থাকে শিকারি জেলের হাতে। প্রতিটি নৌকায় দুজন জেলে থাকে যার একজন পাখিগুলো দিয়ে মাছ শিকার করে এবং অন্যজন নৌকা চালায় ও মশালের আলো ধরে রাখে যেন অন্ধকারে দেখতে পারে।

এভাবে পাখি দিয়ে শিকার করা মাছগুলো তেমন ক্ষত-বিক্ষত হয় না। দ্রুত ও বেশ দক্ষ পদ্ধতি হওয়ায় জাপানিদের কাছে এর আবেদন এখনও অনেক যা না দেখলে বিশ্বাস করা কঠিন। এটি সত্যিই এক অদ্ভুত ও আশ্চর্যজনক মাছ ধরার পদ্ধতি যা আগে কখনোই শুনিনি বা দেখিনি। আধুনিক যুগে প্রযুক্তির প্রভাবে মাছ ধরার এ প্রাচীন ‘করমোরেন্ট ফিশিং’ পদ্ধতি এখনও হারিয়ে যায়নি জাপানিদের প্রাত্যহিক জীবন থেকে।

এ ঐতিহ্যকে তারা বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহারের পাশাপাশি পর্যটকদের কাছেও সমান জনপ্রিয় করে তুলতে সচেষ্ট। ‘করমোরেন্ট ফিশিং’ সত্যিই বিস্ময়কর।

লেখক: জ্যেষ্ঠ সহকারী সচিব, জেডিএস ফেলো, ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়, জাপান

এই লেখকের আরও পড়ুন-

জাপানের কৃষক ও কৃষিকাজ  

জাপানি স্কুল শিশুদের সঙ্গে সারা দিন

ইয়ামাগুচির এক তুষার রাজ্যে  

ইয়ামাগুচির কিডস্ ক্লাবে আমাদের শিশুরা  

দল খেলছে বিশ্বকাপে, উত্তেজনা নেই জাপানে  

ইয়ামাগুচির ডায়েরি: জাপানের চা বাগানে  

ইয়ামাগুচির ডায়েরি: স্ট্রবেরি বাগানে কিছু সময়  

ইয়ামাগুচির ডায়েরি: জাপানিদের ‘ফরেস্ট থেরাপি’