ইয়ামাগুচির এক তুষার রাজ্যে
শীতকালে জাপানে প্রায় সবখানে তুষারপাত হয়। তাপমাত্রা মাইনাস তিন থেকে একের মধ্যে ওঠানামা করে।
জাপানের অন্যান্য প্রিফেকচারের তুলনায় ইয়ামাগুচিতে তুষারপাত তুলনামূলক কম। এবার শীতের আমেজ যদিও নভেম্বর থেকে পাওয়া গিয়েছে, কিন্তু তুষারপাত দেখার জন্য জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
এবারের শীতে হঠাৎ একদিন দুপুরে আমার পরিচিত একজন জাপানিজ টয়া সান তার সাথে তোকসাগামিনে শহরে (ইয়ামাগুচির ছোট একটি শহর -প্রায় ৬০ কিলোমিটার দূরে) পরিবারসহ স্কি করার জন্য আমন্ত্রণ জানালো। বিনা বাক্যব্যয়ে রাজি হয়ে যাই।
এখানে যাওয়ার সময় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ রাস্তার দুই পাশ তুষারে আচ্ছন্ন। শুধু সাদা আর সাদা। পাহাড়, গাছপালা, শস্যক্ষেত—এমনকি আধাপাকা ঘরগুলো সব তুষারের চাদরে ঢাকা। দেখলে মনে হবে যেন তুষারের রাজ্যে চলে এসেছি। ঘরবাড়ির ছাদ প্রায় এক মিটার তুষারের স্তরে ঢাকা।
সত্যিই আশ্চর্যের বিষয়, মানুষ এরকম তুষার আচ্ছাদিত এলাকা, যেখানে নাগরিক সুবিধা স্বল্প, সেখানে এই আধুনিক যুগে কীভাবে বসবাস করে! আমাদের হোস্ট জাপানিজকে জিজ্ঞেস করলে তিনি জানান- বয়স্ক জাপানি, যারা শহরের কোলাহল পছন্দ করেন না, তারাই মূলত এখানে বসবাস করেন।
জাপানিরা শীতকাল বেশ পছন্দ করে এবং স্নো ও স্কিয়িং দারুণ উপভোগ করে। স্কিয়িং গ্রাউন্ডে গেলেই এর সত্যতা মেলে। এক বছর বয়সী থেকে ৭০ বছরের বৃদ্ধকে দেখা যায় নিজ উৎসাহে স্কি করতে।
এই ৩৫ উর্ধ্ব অধম আমি স্ত্রী-বাচ্চাসহ স্কি ফিল্ডে স্কি বুট পরে স্কি করতে গিয়ে সত্যিই লজ্জায় পড়েছি, যখন দেখি দুই বছরের বাচ্চা ও বয়স্করা পাহাড়ের উপর থেকে দারুণ দ্রুততায় স্কি করে নিচে নামছে। যদিও স্কিয়িং দারুণ ও উত্তেজনাময়, তবুও আমার মতো একজন আনাড়ির জীবনে প্রথমবার দশ কেজি ওজনের এক একটি স্কি বুট পড়ে নড়াচড়া করাই ছিল বিশাল চ্যালেঞ্জের বিষয়।
ধন্যবাদ টয়া সানকে আমাদের সুন্দর সময় ও ব্যতিক্রমধর্মী এক অভিজ্ঞতা দেওয়ার জন্য।
লেখক: জ্যেষ্ঠ সহকারী সচিব, জেডিএস ফেলো, ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়, জাপান
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
