জাপানের কৃষক ও কৃষিকাজ
জাপান একটি শিল্পোন্নত দেশ হলেও কৃষি এর অথনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় পাঁচ শতাংশ লোক জাপানে কৃষিকাজের সাথে সংশ্লিষ্ট।
জিডিপিতে যদিও কৃষির অবদান দুই শতাংশের কম, তবুও এর গুরুত্ব অনেক। জাপান পৃথিবীর সবচেয়ে বড় কৃষিপণ্য আমদানিকারক দেশ। জাপানের মোট ভূমির মাত্র ২০ শতাংশ কৃষিকাজের উপযোগী। এ স্বল্প পরিমাণ জমিকে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও পরিকল্পিতভাবে ব্যবহার করে ফসল উৎপাদনের সর্বোচ্চ উপযোগিতা অর্জন করে।
জাপানের অনেক লোকজনকে দেখলাম শখ করেও কৃষিকাজ করে। আমাদের বাড়িওয়ালা মাতানো সান এমনি একজন, যিনি শখের বসে স্বামীসহ মনের আনন্দে কৃষিকাজ করেন। কৃষির যাবতীয় উপকরণ (আধুনিক যন্ত্রপাতি, উন্নত বীজ, সার ইত্যাদি) তার সংগ্রহে।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এখানকার অনেক কৃষক আছেন যাঁদের বয়স ৮০-৯০ বছর। এ বয়সের একজন আমাদের দেশে কৃষিকাজ করছে,তা কল্পনারও অতীত। শুধু তাই নয়। জাপানি মহিলাদেরকেও স্বচ্ছন্দে কৃষিকাজ করতে দেখা যায়। পুরুষ-নারী যে কোন ক্ষেত্রেই ভেদাভেদ নেই জাপানে, তার অন্যতম দৃষ্টান্ত এটি।
বীজ থেকে চারা উৎপাদন, জমি চাষ দেওয়া, চারা বপন, ফসল কাটা ও সর্বোপরি কৃষি পণ্যকে ব্যবহার উপযোগী ও বাজারজাতকরণের উপযোগী সবকিছু একজন কৃষকের পক্ষে একা করা সম্ভব জাপানে।
জাপান কৃষি সমবায় সমিতি নাজিয়া কিয়োডো কুমিয়ি, সংক্ষেপে জেএ নামে পরিচিত। এ সমবায় সমিতির পূর্ণাঙ্গ সদস্য হতে হলে এককালীন ৫০ হাজার ইয়েন এবং বাৎসরিক নিয়মিত চাঁদা দিতে হয়। এটি জাপানের অন্যতম একটি ধনী সংগঠন বা সমিতি। এর মাধ্যমে কৃষকরা বিভিন্ন সুবিধা ও সহযোগিতা পেয়ে থাকেন।
জাপানে জেএ’র ৬৯৪টি আঞ্চলিক শাখা আছে, যেগুলো ওইসব এলাকার কৃষি পণ্য উৎপাদনের জন্য কৃষকদের বিভিন্ন কৃষি উপকরণ সরবরাহ, প্যাকেজিং, পরিবহন এবং কৃষি পণ্য বিপণন ও আর্থিক সহযোগিতা দিয়ে থাকে।
কৃষকদের যে কোন ধরনের আর্থিক সহযোগিতার ক্ষেত্রে জেএ অগ্রণী ভূমিকা পালন করে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, বীজ, সারসহ নানা রকম কৃষি উপকরণ কেনার জন্য বিশাল পরিমাণ ইয়েন স্বল্প সুদ বা বিনাসুদে সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এক্ষেত্রে ঋণের অর্ধেক সরকারকে অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা করতে হয়।
আন্তরিক ধন্যবাদ কাজে-নো-কায় সংগঠনটিকে (নামক ইয়ামাগুচির একটি সামাজিক সংগঠন ), যার সৌজন্যে জাপানের কৃষিকাজ করার অভিজ্ঞতা ও এ সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ হয়।
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
