সিডনির চিঠি: কন্যার মামার কান্না
নিউজিল্যান্ডের অকল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দর। সোনিয়াকে কোলে নিয়ে ইমিগ্রেশন ডেস্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি।
এরই মধ্যে ব্যাগ থেকে দুধ ও গরম পানি বের করে ফিডার বানিয়ে সোনিয়াকে খাইয়েছি। লম্বা ভ্রমণে তিন বছরের মেয়েটা ভীষণ ক্লান্ত। ভাগ্য ভালো, প্লেন থেকে নামার সময় ফ্লাস্কে করে গরম পানি নিয়ে এসেছিলাম।
ইমিগ্রেশন ডেস্কের কর্তব্যরত সোনালী চুলের মেয়েটার সাথে যোগ হয়েছে একজন মধ্যবয়স্ক সিনিয়র অফিসার। ওরা আমার পাসপোর্ট আর টিকিট নিয়ে ভেতরের অফিসে ছোটাছুটি করছে আর নিম্নস্বরে গভীর মনোযোগ নিয়ে ফিসফাস করছে। আমারও কেমন যেন ভয় ভয় করছে। তাহলে কি আমার ভিসায় কোনো গণ্ডগোল আছে? তা কীভাবে হয়?
নিজেকে অভয় দিলাম। আমি কোনো এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করিনি। যা কিছু ছোটাছুটি করেছি, নিজে করেছি। নিউজিল্যান্ডের দিল্লী অ্যাম্বাসিতে নিজে গিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসার স্টিকার লাগিয়ে এনেছি। তাহলে সমস্যা কোথায়?
আরও কিছুক্ষণ অপেক্ষার পর সোনালী চুলের মেয়েটি ও অফিসার আমাকে ভেতরে একটি কক্ষে ডেকে নিয়ে গিয়ে চেয়ারে বসালেন। সামনের টেবিলে রাখা হিম শীতল পানির বোতল থেকে গ্লাসে পানি ঢেলে আমার দিকে এগিয়ে দিলেন। তাদের দু’জনের আড়ষ্ট মুখ ও কপালে ঘামের চিহ্ন দেখলাম।
তারা দু’জন পরস্পরের দিকে তাকিয়ে ইতস্ততভাবে অফিসার লোকটি আমাকে বললেন, “দুঃখিত, আমরা আপনাকে আর এই রাজকন্যাকে অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি। আমরা দিল্লী অ্যাম্বাসিতে ফ্যাক্স করেছি। আপনার পাসপোর্ট নম্বর আর টিকিট মিলিয়ে দেখেছি। কিন্তু কোথাও আপনার মেয়ের নাম খুঁজে পাচ্ছি না। আমরা আসলে বুঝতে পারছি না যে এখন কী করবো?”
আমার সারা শরীরে ঘাম দিয়ে জ্বর নেমে গেলো। আমি বললাম, “ওহ, এই সমস্যা। আসলে আমিও দুঃখিত। আমিও আপনাদেরকে কিছু বলিনি। আমার কোলে যাকে দেখছেন, ওর নাম সোনিয়া। আমার বন্ধুর মেয়ে। আমরা আজ একই ফ্লাইটে বাংলাদেশ থেকে এসেছি। এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ানোর সময় আমি ও সোনিয়া আমার বন্ধু ও তার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে পড়ি।”
আমার কথা শুনে ওরা যেন মুক্তির স্বাদ পেলো। বয়স্ক অফিসার আমার সামনে থেকে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে এক নিমেষেই শেষ করলেন। সোনালী চুলের মেয়েটি পকেট থেকে টিস্যু পেপার বের করে মুখের ঘাম মুছলো।
আমি মোবারক ভাই ও ভাবীকে পথ দেখিয়ে আবার আগের কক্ষে ফিরে এলাম। অফিসাররা ভাবীর পাসপোর্ট ও টিকেট পরীক্ষা করে সোনিয়ার নাম দেখে নিশ্চিত হলো। তারা আমাদের সবাইকে কফির আমন্ত্রণ জানালেন। ইমিগ্রেশন থেকে বেরিয়ে আমরা সবাই ভুল বুঝতে পারলাম।
ঢাকায় আমি যখন নিউজিল্যান্ডে আসার জন্য ভিসার কাগজপত্র প্রসেস করি, তখনই মোবারক ভাই ও তার পরিবারের সাথে পরিচয় হয়। সেই সূত্রে আমাদের দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা হয়। প্লেনে উঠে অকল্যান্ড পৌঁছানো পর্যন্ত আমরা তাদের দুই ছেলে ও এক মেয়েকে দেখাশোনা করার দায়িত্ব নিলাম। সোনিয়ার উপর আমার দেখাশোনার ভার পড়লো। সারা প্লেনে আমি ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করে ঘুম পাড়িয়েছি। ফিডারে করে দুধ বানিয়ে খাইয়েছি।
যখন আমরা অকল্যান্ড এয়ারপোর্টের ইমিগেশনের জন্য দাঁড়ালাম, তখন এক পর্যায়ে আমি সোনিয়াকে নিয়ে ভিন্ন লাইনে চলে যাই। লম্বা ভ্রমণের পর ক্লান্ত শরীরে আমাদের কারোই ব্যাপারটা মাথায় আসেনি।
এই ঘটনার পর আমি সোনিয়ার আপন মামা বনে গেলাম আর সোনিয়া হয়ে গেলো আমার মেয়ে। ঘটনার কথা মনে হলেই মোবারক ভাই ও ভাবী বলতো, “নাইম ভাই, আপনি যেখানেই আর যত ব্যস্ততায় থাকেন না কেনো, সোনিয়ার বিয়ের সময় আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন।”
মোবারক ভাই ও ভাবী গত মাসে আমার অফিসে এসে বললেন, “ভাই দেশে যাচ্ছি। মেয়েটার বিয়ের চেষ্টা করছি। দোয়া করবেন। আর বিয়ে-শাদী ঠিক হলে আপনাকে আগেভাগেই জানাবো। আপনাকে কিন্তু থাকতেই হবে।” আমি কথা দিয়ে তাদের বিদায় জানালাম।
আজ সোনিয়ার বিয়ে। মোবারক ভাই, ভাবী তাদের কথা রেখেছেন। আমাকে আগেভাগেই সোনিয়ার বিয়ের তারিখ জানিয়েছিলেন। আমি নানা কারণে অফিস থেকে ছুটির ব্যবস্থা করতে পারিনি।
নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আজ সোনিয়া মামনির বিয়ের দিনে দূর পরবাস থেকে তার মাথায় হাত রেখে দোয়া করছি- আমার এই মা সারা জীবন যেন সুখে-শান্তিতে থাকে।
লেখক: প্রবাসী লেখক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিডনি প্রতিবেদক
ইমেইল: naiem.abdullah65@gmail.com
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
