সাতাশি টাকায় বিদেশে যাওয়ার স্বপ্ন
ফেইসবুক মেসেঞ্জারে কথা হচ্ছিলো একাত্তর টিভির মাহফুজুর রহমান ভাইয়ের সাথে। তার সাথে বেশ অল্পদিনের পরিচয়েও আন্তরিকতা গড়ে উঠেছে। কথায় কথায় আমার প্রবাসে আসার প্রসঙ্গ এলো।
১৯৯৫ সালের কথা। আমি ভারত থেকে নিউজিল্যান্ডের ভিসা নিয়ে ঢাকায় ফিরেছি। এয়ারপোর্টে থেকে বাসায় ফিরে আমার মানিব্যাগে ছিলসবমিলিয়ে সাতাশি টাকা। ঢাকায় ফুফুর বাসায় থাকি। সাতাশি টাকা দিয়ে আপাতত বিদেশ যাওয়ার স্বপ্ন দেখা যায়! কিন্তু সেখানে যাওয়া যায় না।
ফুফু জিজ্ঞেস করলো, “এখন কীভাবে বিদেশে যাবি? প্লেনের টিকেট আর বাকি খরচের টাকা পাবি কোথায়?”
আমি হতাশ হয়ে বললাম, “পাসপোর্টটা আপাতত বালিশের নিচে থাক।”
কয়েকদিন পরে কী একটা কারণেফুফাতো বোনের জামাই হাইকেলভাইকে অফিসে ফোন করলাম। উনি তখন এএনজেড গ্রিনলেজ ব্যাংকের মতিঝিল শাখায় বসেন।
বললেন, “তুমি নাকি বিদেশ যাওয়ার ভিসা পেয়েছ!তো শালা কবে যাচ্ছ?”
এমনিতেই যাওয়ার টাকা নেই, মেজাজ খিচড়ে আছে। বিরক্ত হয়ে উত্তর দিলাম, “দুয়েকদিনের মধ্যেই চলে যাবো।”
উনি সিরিয়াস হয়ে উত্তর দিলেন, “তাহলে যাওয়ার আগে একদিন অফিসে এসে বিদায় নিয়ে যেও।”
আমি অপমানের স্বরে বললাম, “কোথায় বাসায় যেতে বলবেন! বিদেশে যাওয়ার আগে ভালোমন্দ কিছু খাওয়াবেন। তা না বলে, অফিসে যেতে বলছেন কেন?
একদিন মলিন মুখে হাইকেল ভাইয়ের অফিসে গেলাম। আজাইরা কথাবার্তার পর হাতে একটা বড়সড় খাকি রঙের প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন,“প্যাকেটটা বাসায় নিয়ে যাও। আমার হাতে অনেক কাজ। এখন প্লিজ বিদায় হও।”
আমি প্যাকেট হাতে মতিঝিল শাপলা চত্বর থেকে ছয় নম্বর লোকাল বাসে বাদুড়ঝোলা হয়ে বাসায় ফিরলাম। ফুফু আম্মার হাতে প্যাকেট ধরিয়ে দিলাম। উনি রান্না করছিলেন। প্যাকেটটা ওখানেই পড়ে রইল।
ফুফুর ধাক্কায় দুপুরের ভাত ঘুম ভাঙলো। ফুফু ভয়ার্ত চোখে বলছেন, “প্যাকেটে এতো টাকা এলো কোথা থেকে?”
আমি চোখ ডলতে ডলতে বললাম- “টাকা আসবে কোথা থেকে? আপনি ভুল দেখেছেন। হাইকেল ভাইয়ের অফিসে গিয়েছিলাম। উনি প্যাকেটটা বাসায় নিয়ে যেতে বললেন।”
প্যাকেট খুলে চোখ ছানাবড়া। গুনে দেখলাম একলাখ টাকা। ফুফু সাথে সাথে ফুফাতো বোন সালমা আপার সাথে যোগাযোগ করলো। উনি এই ব্যাপারে কিছু জানেন না বললেন। তবে অফিস শেষে বিকেলে বাসায় গিয়ে জানাবেন বলে স্বান্তনা দিলেন।
বিয়ে করেছি। হাইকেল ভাই অফিসের ব্যস্ততায় আসতে পারেননি। আমাদের খুব মন খারাপ।
বৌ-ভাতের পরদিন উনি আমাদের খুলনার বাসায় আধামণ মিষ্টি নিয়ে হাজির।
এতো মিষ্টি আনার কারণ জানতে চাইলে বললেন, “শুনেছি, বিয়ের আগে হলুদ দিয়ে গোসল করাতে হয় আর বিয়ের পরে যাদের কথাবার্তা তিতা তাদের মিষ্টি দিয়ে গোসল করাতে হয়। তোমার চালচলন সুবিধার নয় বিধায় তোমাকে মিষ্টি দিয়ে গোসল করালে যদি স্বভাবচরিত্রে মিষ্টি ভাব আসে, সেটা ভেবেই নিয়ে আসা!”
লেখক: প্রবাসী বাংলাদেশি
এই লেখকের আরও পড়ুন
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
