‘বিশুদ্ধ সাহিত্যে মন ও মহাকাল পরখ’
বিশুদ্ধ সাহিত্যই বেঁচে থাকে এবং তা পরখ করে মনন ও মহাকাল। মানুষ সেই সাহিত্যের আলোতেই নিজেকে খোঁজে- নিউ ইয়র্কে ‘বহুবচন’র উদ্যোগ সাহিত্য আয়োজনের আলোচকরা শোনালেন সহিত্যের এমন শক্তির কথা।
গত ২৯ নভেম্বর জ্যামাইকার একটি মিলনায়তনে এই আয়োজনে কবি বুদ্ধদেব বসু, শক্তি চট্টোপাধ্যায়, আবিদ আজাদ ও মার্কিন কবি শ্যারন ওল্ডসের কবিতার ওপর আলোচকদের মুক্তকথন আর আবৃত্তিতে তিন ঘণ্টা বুঁদ হয়েছিলেন অতিথিরা।
লেখালেখি নিয়ে লেখক আবু রায়হান ও নাট্যজন মুজিব বিন হকের কথপোকথনের মধ্যে দিয়ে শুরু হয় প্রবাসের লেখক-লেখিকা-কবি-সাহিত্যিক আর সংস্কৃতিমনাদের এ অনুষ্ঠান।
নিজের লেখার অভিজ্ঞতা বর্ণনা করে আবু রায়হান বলেন, “লেখককে মূল্যায়িত করতে হবে। লেখকের প্রাপ্য সম্মানি দিতে হবে।”
বুদ্ধদেব বসুর সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নিয়ে কবি ইকবাল হোসেন বলেন, “বুদ্ধদেব বসু আমাদের আধুনিক মননে আলো ফেলেছেন খুব সাবধানে। তিনি আমাদেরকে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয় করিয়েছেন নিজস্ব গরিমায়।”
তার বক্তব্যের পর বুদ্ধদেব বসুর কবিতা আবৃত্তি করেন সাঈদা পারভীন।
শক্তি চট্টোপাধ্যায়ের কাব্যকর্ম নিয়ে মুজিব বিন হক বলেন, “শক্তির শক্তি আমাদের বলীয়ান করেছে। শক্তি কবিতাকে ছাড়তে চেয়েও পারেননি। সাধ্যও ছিল না তার। কারণ তিনি কবিতায় জীবনবাদকে বেছে নিয়েছিলেন।” পরে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি করে শোনান মুজিব বিন হক।
“সাহিত্যে বিশুদ্ধতা ছিল, আছে এবং থাকবে। তা না থাকলে, খুব কম কবিতা লিখেই কেউ কেউ বিখ্যাত হতে পারতেন না। আমাদের পরিশুদ্ধ পথে এগোবার তাগিদ দিয়ে গেছেন কবি আবিদ আজাদ,” বলেন তিনি। আবিদ আজাদের কবিতা পড়েন মিতা কর্মকার।
কবি শামস আল মমীন আলোচনায় অংশ নিয়ে মার্কিন কবি শ্যারন ওল্ডস কিভাবে খুব কাছে থেকে দেখা ঘটনা ও লোকাচারকে কবিতায় তুলে এনেছেন- তার বর্ণনা দেন।
সৌদী আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনের কবি আরশাদ ফায়াদের কবিতা ও তার কাব্যভাবনা আলোচনার পাশাপাশি তার কয়েকটি কবিতাও পড়ে শোনান শামস আল মমীন। এছাড়া শ্যারন ওল্ডসের কবিতা আবৃত্তি করেন সাবিনা নীরু।
বিষয়ভিত্তিক আলোচনার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন স্বপ্ন কুমার, শামীম আরা আফিয়া, ছন্দা বিনতে সুলতান, ইকবাল হোসেন, লিয়াকত আলী, এবিএম সালেহউদ্দিন, আলম সিদ্দিকী, রওশন হাসান, শামস আল মমীন ও ফকির ইলিয়াস।
আবু রায়হানের পুঁথিপাঠের মধ্যে দিয়ে পর্দা নামে অনুষ্ঠানের।
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
