২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্ক বিএনপির ৭ নভেম্বর পালন

নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 03:53 PM

Updated : 12 Oct 2022, 04:23 PM

এই উপলক্ষে শুক্রবার রাতে এক সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি দেলোয়ার হোসেন বলেন, “বাকশালী স্বৈরশাসন আবার নবউদ্যমে চেপে বসেছে বাংলাদেশে। এ অবস্থায় পঁচাত্তরের ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হতে হবে দেশ ও প্রবাসে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীকে। তা না হলে অচিরেই বাংলাদেশ নামক ভূখণ্ডটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাবে।”

ব্রুকলিনে গ্রিন হাউজ পার্টি সেন্টারের এই সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী আজম। সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি মাকসুদ এইচ চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল মাওলা, চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, বিএনপি নেতা এম এ সবুর, আলী ইমাম শিকদার প্রমুখ।

যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে দুই বছর আগে। এখনও কমিটি গঠিত না হওয়ায় ৫ খণ্ডে বিভক্ত হয়ে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে যুক্তরাষ্ট্রে।

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষেও পাঁচ কর্মসূচির এটি ছিল প্রথম। ৭ নভেম্বর শনিবার তিনটি এবং ৮ নভেম্বর রোববার হবে আরও দুটি সমাবেশ।

নিউ ইয়র্কে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা শনিবার রাতে ফ্লোরিডা বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com