২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শত চিন্তাবিদের’ তালিকায় শেখ হাসিনা: প্রবাসীদের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি প্রকাশিত বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2015, 11:03 AM

Updated : 12 Oct 2022, 04:37 PM

পুরনো খবর:

‘শত চিন্তাবিদের’ তালিকায় শেখ হাসিনা
‘শেখ হাসিনা বিশ্বের রোল মডেল’: মার্কিন কংগ্রেসওম্যান

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের এক বিবৃতিতে বলা হয়, “এ স্বীকৃতির মধ্য দিয়ে মানবতার কল্যাণে শেখ হাসিনার বিশ্ব খ্যাতি অর্জিত হলো এবং তা প্রতিটি বাঙালির জন্য পরম অহংকারের।”

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকার জন্য ১০০ চিন্তাবিদের এই তালিকায় ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

একই ক্যাটাগরিতে এ বছর শেখ হাসিনার সঙ্গে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম। এছাড়া বিভিন্ন দেশের রাজনীতিক, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি কর্মকর্তা ও স্বপ্নদ্রষ্টাদের নামও এতে স্থান পায়।

প্রবাসীদের বিবৃতিতে দুই যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি নিয়ে পাকিস্তানের ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে পাকিস্তানের সঙ্গে সবধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানানো হয়।  

নিউজার্সির প্লেইন্সবোরো সিটির কাউন্সিলম্যান ও বিজ্ঞানী নূরন্নবী, আমেরিকা-বাংলাদেশ অ্যালায়েন্সের চেয়ারপার্সন এম এ সালাম, ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির সদস্য খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক এম এ বাতেন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সাধারণ সম্পাদক শাহীন ইবনে দিলওয়ার, ফ্লোরিডার বাইন্যাশনাল চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমান প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি আমাদের জানান। নাম, ঠিকানা ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com