‘শত চিন্তাবিদের’ তালিকায় শেখ হাসিনা
যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি প্রকাশিত বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের এক তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জলবায়ু পরবির্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকার জন্য এই তালিকায় ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
একই ক্যাটাগরিতে এ বছর শেখ হাসিনার সঙ্গে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম।
ফরেন পলিসি প্রতি বছর ‘১০০ লিডিং গ্লোবাল থিংকার্স’ শিরোনামে এই তালিকা প্রকাশ করে। ২০০৯ সাল থেকে শুরু হওয়া এই তালিকা ফরেন পলিসির সর্বাধিক পঠিত ফিচারগুলোর মধ্যে থাকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম বিভিন্ন বছর এই তালিকায় এসেছে।
