ফখরুলের বক্তব্যে মনে হয় তিনি এফআরসিএস পাস ডাক্তার: তথ্যমন্ত্রী
“মির্জা ফখরুল ইসলাম যখন বক্তৃতা করেন, মাঝেমধ্যে শুনে মনে হয়, ভেতরে ভেতরে তিনি এফআরসিএসও পাস করেছেন, উনি এখন বিশেষজ্ঞ ডাক্তারও বটে,” বলেন হাছান মাহমুদ।
হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে কটাক্ষ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
মির্জা ফখরুল চিকিৎসার ডিগ্রি নিয়েছেন কি না, তুলেছেন সে প্রশ্নও।
বাংলাদেশ সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
তার মতে, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটির নেতারা ‘রাজনীতি’ করছেন। বিএনপি নেতারা তাদের নেত্রীকে বানিয়েছেন ‘রাজনীতির পণ্য’।
গত সোমবার রাতে বেগম খালেদা জিয়াকে আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২০২০ সালের মার্চের শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে নির্বাহী আদেশে দুর্নীতির মামলার সাজা প্রত্যাহারের পর ঘরে ফেরা বিএনপি নেত্রীকে এর আগেও একাধিকবার হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে।
বিএনপি নেত্রীর এই সাময়িক মুক্তির একটি শর্ত ছিল, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তবে বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল একাধিকবার বলেছেন, তাদের নেত্রী জীবন শঙ্কায় আছেন। দেশে চিকিৎসা নেই, বিদেশে না নিলে যে কোনো কিছু হয়ে যেতে পারে।
বিএনপি নেতার বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম যখন বক্তৃতা করেন, মাঝেমধ্যে শুনে মনে হয়ে ভেতরে ভেতরে তিনি এফআরসিএসও পাস করেছেন, উনি এখন বিশেষজ্ঞ ডাক্তারও বটে।
“কারণ, বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন তার (খালেদা জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গলা ফাটিয়ে বলেন, উনি জীবন-মরণ সন্ধিক্ষণে। তাহলে ডাক্তাদের কথা সঠিক, নাকি ফখরুল সাহেবের কথা সঠিক, সেটিই হচ্ছে প্রশ্ন।”
হাছানের ভাষ্য, “আসলে বিএনপি বেগম জিয়ার স্বাস্থ্যকে রাজনীতিকরণ করেছে। একজন মানুষের স্বাস্থ্যকে রাজনীতিকরণ করার উদাহরণ হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাদের খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নানা বক্তব্য।
“তারা বেগম খালেদা জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছেন। এটা খালেদা জিয়ার জন্য প্রচণ্ড অবমাননাকর। আমি তাদেরকে অনুরোধ জানাব, বেগম জিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই, দয়া করে বেগম জিয়ার স্বাস্থ্যকে রাজনীতিক পণ্য বানাবেন না।”
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ‘স্থিতিশীল’ রয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।
সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সী খালেদা জিয়া। সেবারে পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফিরেছিলেন। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।
‘তরুণদের কী শিক্ষা দিচ্ছে বিএনপি?’
তথ্যমন্ত্রী বলেন, “গতকাল (বুধবার) বিএনপি চট্টগ্রামে তারুণ্যের সভাবেশ করেছে। এই সমাবেশ করে তারা তরুণদের কী শিক্ষা দিতে চাচ্ছে সেটিই হচ্ছে বিএনপির নেতাদের কাছে আমার প্রশ্ন?
“তারা সমাবেশে যাওয়ার সময় জামালখান এলাকায় দেয়ালে অত্যন্ত দৃষ্টিনন্দন আমাদের বৃটিশবিরোধী আন্দোলনসহ স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের সকলের ম্যুরাল ছিল, চিত্র ছিল, সেগুলো আয়না দিয়ে বাঁধাই করা ছিল। তারুণ্যে সমাবেশে যাওয়ার সময় আমাদের ইতিহাস ঐতিহ্যের ২০টির বেশি ম্যুরাল ভেঙে দেয়। এতে বোঝা যায় তারা আমাদের ইতিহাস-ঐতিহ্য মানে না। তারা আমাদের সংস্কৃতিকে ধ্বংস করতে চায়।”
বিএনপি তরুণদের ইতিহাস-ঐতিহ্য ধ্বংস করার শিক্ষা দিচ্ছে কিনা, সেই প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী বলেন, “তারা বঙ্গবন্ধুর মুরালও ভাঙচুর করেছে। তাহলে এটাই ধরে নিতে হয় বিএনপি আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি কোনোটাই মানে না।”
চট্টগ্রামের এই ঘটনায় সরকার কী পদক্ষেপ নেবে জানতে চাইলে মন্ত্রী বলেন, “এ বিষয়ে ইতিমধ্যে মামলা হয়েছে। সরকার বদ্ধপরিকর, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
