১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন এমপি আফরোজা হক

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা বর্তমানে দলের স্থায়ী কমিটির সদস্য, পাশাপাশি জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক।

শপথ নিলেন এমপি আফরোজা হক

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্য আফরোজা হক রীনাকে শপথ পড়ান। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2023, 08:00 PM

Updated : 09 Mar 2023, 08:00 PM

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহ-সভাপতি আফরোজা হক রীনা।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সংরক্ষিত (মহিলা আসন-৫০) আসনের নবনির্বাচিত এ সংসদ সদস্যকে শপথ পড়ান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। ডেপুটি স্পিকার শামসুল হক, হুইপ ইকবালুর রহিম, শিরীন আক্তার এবং ওয়াসিকা আয়শা খান শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথ শেষে রীতি অনুযায়ী আফরোজা হক শপথ বইয়ে স্বাক্ষর করেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা বর্তমানে দলের স্থায়ী কমিটির সদস্য, পাশাপাশি জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক।

গত মঙ্গলবার নির্বাচন ভবনে ইসির যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ১৪ দলীয় জোটের প্রার্থী আফরোজাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা পদত্যাগের কারণে শূন্য আসনটিতে এ উপনির্বাচন হয়।

পুরানো খবর:

ইনুর স্ত্রী আফরোজাও সংসদে

নবনির্বাচিত আফরোজাকে নিয়ে একাদশ সংসদে জাসদের আসন হল চারটি। ইনু ছাড়া অন্য দুজন হলেন শিরীন আখতার ও এ কে এম রেজাউল করিম তানসেন। তানসেনও সংসদ থেকে বিএনপির পদত্যাগের কারণে শূন্য আসনে উপনির্বাচনে নির্বাচিত হন।

বিএনপির ছেড়ে দেওয়া সরাসরি ছয়টি আসনের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ জয়ী হওয়ায় সংরক্ষিত নারী আসনটি তাদের ভাগে পড়েছিল। তবে ক্ষমতাসীন দলটি এই আসন তাদের জোট শরিক দল জাসদকে ছেড়ে দেয়।