জিএম কাদেরের সম্পদের অনুসন্ধান চেয়ে রিটে সাড়া দেয়নি হাই কোর্ট
আদালত বলেছে, দুদক বিধিমালা অনুযায়ী এ বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে ‘উপযুক্ত আদালতে’ যেতে পারে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ‘অবৈধ সম্পদের’ অনুসন্ধানের আদেশ চেয়ে করা এক রিট আবেদনে সাড়া দেয়নি হাই কোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার প্রাথমিক শুনানির পর বিষয়টি নিষ্পত্তি করে দেয়।
আদালত বলেছে, দুদক বিধিমালা ২০০৭ এর ১৩ বিধি অনুযায়ী এ বিষয়ে কেউ সংক্ষুব্ধ হলে ‘উপযুক্ত আদালতে’ যেতে পারে।
‘জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার’ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে মো. ইদ্রিস আলী নামে এক ব্যক্তি গত ১৮ সেপ্টেম্বর জিএম কাদেরের অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে দুদকে অভিযোগ জমা দেন। দুদক সেই আবেদনের নিষ্পত্তি না করায় তিনি হাই কোর্টে এই রিট মামলা করেন।
আদালতে রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।
