ছোট হয়ে আসছে সরকারের ‘ডানা’, ঠান্ডা হয়ে আসছে ‘হাত-পা’: মান্না
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে চূড়ান্ত আন্দোলন অচিরেই, বললেন নাগরিক ঐক্যের নেতা।
এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সময় ফুরিয়ে আসছে বলে মনে করেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যাওয়া ‘গণতন্ত্র মঞ্চ’র সমন্বয়ক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বিদেশি কূটনীতিকদের নানা বক্তব্যের প্রশংসা করে এক সময়ের এই আওয়ামী লীগ নেতা বলেছেন, এসব প্রতিক্রিয়ার কারণে সরকারের ‘হাত-পা ঠান্ডা হয়ে আসছে’।
ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার দিন শনিবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে একই কর্মসূচি পালন করে সরকারবিরোধী নতুন এই মোর্চা।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন আওয়ামী লীগ থেকে বের হয়ে দলটির কট্টর সমালোচকে পরিণত হওয়া এই নেতা।
সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের কাছে মঞ্চের নেতা-কর্মীরা সমবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা বেলা সাড়ে ১২টায় পদযাত্রা শুরু করে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে বেলা দেড়টায় পদযাত্রা শেষ করে।
সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে এদিন সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করছে বিএনপি।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করছে।
রাজধানীর কর্মসূচিতে বিদেশিদের করা নানা বক্তব্য সামনে এনে মান্না বলেন, “আমেরিকা কী কী বলেছে, আপনারা জানেন। এখন দেখি কানাডা বলে, জাপান বলে। জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আমি তো দুনিয়ার কোথাও শুনি নাই দিনের ভোট রাত্রে হয়ে যায়’। এখন দেখি অস্ট্রেলিয়া বলছে।”
বাংলাদেশে সাংবাদিকদের ওপর যে নির্যাতন করা হয়, তাদের লিখতে দেওয়া হয় না, ছবি ছাপতে দেয়া হয় না, সত্য কথা বলতে দেওয়া হয় না- এমন অভিযোগ করে তিনি বলেন, “আমেরিকাসহ ১২ দেশ বলেছে একাজ বন্ধ করতে হবে। ধীরে ধীরে পাখির ডানা ছোট হয়ে আসছে, ধীরে ধীরে হাত-পা যত নাড়া তো সেই হাত-পা-ও ঠান্ডা হয়ে যাচ্ছে।”
‘চূড়ান্ত আন্দোলন’ অচিরেই
আওয়ামী লীগের ‘রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে’ বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা মান্না।
তিনি বলেন, “অবশ্য এটা বলা যায় যে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তো জীবিত নাই।
“আওয়ামী লীগের রাজনীতি কী? তারা কোন ভালো কাজ করছে? সো-কল্ড যে উন্নতির কথা বলছে, সেই উন্নতি সম্পর্কে সাধারণ মানুষই বলে। চালের দাম যদি ৯০ টাকা হয়, দেশের উন্নতির মানে কী?”
সরকার পরিবর্তনের আশা রেখে মান্না বলেন, “খুব বেশি দেরি হবে না, গুছিয়ে সরকার পতনের চূড়ান্ত লক্ষ্য নিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব আমরা।
“আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই, শেখ হাসিনার ইভিএম মানি না, কোনো জাল, জুয়াচুরি মানি না, ফোরটোয়ান্টি নির্বাচন করতে দেব না। সবার জন্যে বলি, শেখ হাসিনার অধীনে এদেশে কোনো নির্বাচন আর হতে পারবে না।”
পাঠ্যবইয়েও ‘অশান্তি’
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি পাঠ্যবই প্রত্যাহার এবং তিনটি বই সংশোধনে সরকারের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন ডাকসুর সাবেক ভিপি মান্না।
তিনি বলেন, “নির্লজ্জ কতখানি হলে তারা দেড় মাস ধরে দুটো বই বিলি করবার পরে হঠাৎ করে উইথড্র করেছে।”
এই সিদ্ধান্ত কেন, সে প্রশ্ন করে নিজেই পরে জবাব দেন তিনি। বলেন, “কারণ তার মধ্যে এ রকম কিছু জিনিস আছে, যেটা দেশের মধ্যে শিক্ষা-শান্তি-প্রগতি স্থাপনের বদলে উত্তেজনা সৃষ্টি করেছে। দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং দেশে অশান্তি তৈরি হতে পারে।”
পাঠ্যবইয়ের সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রীর করা মন্তব্যের প্রতিক্রিয়ায় নাগরিক ঐক্যের নেতা বলেন, “গতকাল চাঁদপুরে পর্যন্ত শিক্ষা মন্ত্রী বলেছেন যে, এর মধ্যে এমন কিছুই নাই যার জন্য বিরোধী দল এত কথা বলতে পারে। তো এখন নিজেরাই যে কথা বলছেন? সেই কথার কী হবে?”
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “পাঠ্যপুস্তক প্রত্যাহার ... এটা যে কত বড় ঘটনা! একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধবংস করলে ওই দেশের আর কিছু ধ্বংস করতে হয় না।
“শিক্ষা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে হয়। সেখানে শিক্ষা নিয়ে জাতিকে বিভক্ত করার সমস্ত নীতি তারা কার্য্কর করছে। এটা কেন করছে? আবার ক্ষমতায় থাকার সুবিধার জন্য। আবারও বলি, ক্ষমতায় থাকার যে স্বপ্নে বিভোর আছে দেশ ও মানুষকে বিভক্ত করে, ক্ষমতায় থাকার এই স্বপ্ন জনগণ চুরমার করে দেবে।”
জোনায়েদ সাকির সভাপতিত্ব এবং তার সংগঠনের নেতা মনির উদ্দিন পাপ্পুর সঞ্চালনায় সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম বক্তব্য রাখেন।
