০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি

“সহকর্মী আর শুটিংয়ের এই পরিবেশটাইতো আমার আরেকটা পরিবার। চিকিৎসাধীন থাকার পুরোটা সময় এই জায়গাটাকে ভীষণ মিস করেছি।”

অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 01:07 AM

Updated : 01 Nov 2026, 01:07 AM

মস্তিস্কে টিউমারের অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসাপ্রক্রিয়া শেষে নয় মাস পর অভিনয়ের চেনা আঙিনায় ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি একক নাটক দিয়ে তিনি কাজে ফিরেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় প্রথম দফায় অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর দীর্ঘ দিন বিশ্রামে থাকতে হয় তাকে।

অক্টোবরের শুরুতে ফেইসবুকে এক লাইভে এসে তানিয়া বলেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চলতি মাসে তিনি শুটিংয়ে ফিরতে চান। সেই পরিকল্পনা অনুযায়ী সম্প্রতি নতুন নাটকটির কাজ শেষ করেছেন তিনি।

দীর্ঘ দিন পর ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতি জানিয়ে গ্লিটজকে তানিয়া বৃষ্টি বলেন, “সহকর্মী আর শুটিংয়ের এই পরিবেশটাইতো আমার আরেকটা পরিবার। চিকিৎসাধীন থাকার পুরোটা সময় এই জায়গাটাকে ভীষণ মিস করেছি। সত্যি বলতে গেলে, আবার এভাবে শুটিং ফ্লোরে নামতে পারব কি না, তা নিয়ে মনে শঙ্কা ছিল। অবশেষে এই জায়গায় ফিরতে পেরেছি, আলাদা আনন্দ কাজ করছে।”

Image

অভিনেত্রী তানিয়া বৃষ্টি।

অসুস্থতার দিনগুলোর কথা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, “শারীরিকভাবে এখন অনেকটাই সামলে উঠেছি, তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। এই কঠিন সময়ে সহকর্মীদের পাশাপাশি সাধারণ দর্শকরা যেভাবে খোঁজখবর নিয়েছেন আর প্রতিনিয়ত উৎসাহ দিয়েছেন, সেই ভালোবাসা, তাদের ওই সাহসেই আজ ফের ক্যামেরার সামনে দাঁড়ানোর সাহস পেলাম।"

'অংশীদার' নাটকের চরিত্র নিয়ে তানিয়া বলেন, নাটকের মূল গল্পটা একেবারেই চেনা সমাজের। বাবার প্রয়াণের পর দুই বোনের যৌথ সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে।

দীর্ঘদিন পর এ কাজ করে সন্তুষ্টির কথা তুলে ধরেন তিনি।

নাটকটির বিভিন্ন চরিত্রে ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদার অভিনয় করেছেন।

নির্মাতা বলেন, শিগগির ‘কেএসআই এন্টারটেইনমেন্টের’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।