২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অসুস্থতা: কাদেরের বক্তব্যে ফখরুলের ‘ধিক’

বিএনপি মহাসচিবের দাবি, তাদের নেত্রী এখন ‘জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’।

খালেদার অসুস্থতা: কাদেরের বক্তব্যে ফখরুলের ‘ধিক’

খালেদা জিয়াকে সোমবার রাতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2023, 05:40 PM

Updated : 15 Jun 2023, 05:40 PM

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে অসুস্থতা নিয়ে বিএনপি ‘রাজনীতি করছে’ বলে আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বক্তব্যে ‘ধিক’ জানিয়েছেন বিরোধী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিএনপি নেত্রী এখন ‘জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’।

বৃহস্পতিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের’ এক আলোচনায় একথা বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “তিনি (খালেদা জিয়া) আজকে এখন অসুস্থাবস্থায় জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা বার বার তার অসুস্থ অবস্থার জন্য তাকে বিদেশে নিতে আবেদন জানিয়েছি। চিকিৎসকরা এবারও বলেছেন, অবিলম্বে তাকে বিদেশে পাঠানো হোক। বার বার তার পরিবার আবেদন করেছে।

“কিন্তু এখন পর্যন্ত দেয়া তো দূরে থাক, গতকাল বলেছে, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আমরা নাকি রাজনীতি করি। ধিক তাদের।”

বিএনপি চেয়ারপারসন গত ১৩ মে রাতে অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

দুর্নীতির দুটি মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেয়ে তিন বছর ধরে তার বাড়িতে রয়েছেন।

পুরনো খবর:

খালেদার মুক্তি নিয়ে সরকার কোনো চাপে নত হবে না: কাদের

ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য সম্প্রতি বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে যে চিঠি লিখেছেন, সেখানে খালেদা জিয়ার মুক্তির কথাও বলা হয়।

তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন, খালেদা জিয়া বিষয়ক কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো চাপে নত হবে না সরকার।

পুরনো খবর:

ফখরুলের বক্তব্যে মনে হয় তিনি এফআরসিএস পাস ডাক্তার: তথ্যমন্ত্রী

৭৮ বছর বয়েসী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন।

দুই মাস আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পাঁচ দিন তাকে হাসপাতালে থাকতে হয়েছে।

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।