যতবার আইন ভেঙ্গে ‘অত্যাচার’ হবে, ততবার মামলা: ফখরুল
“আবার তারা বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় এবং মাঠে থেকে তারা একাই নির্বাচন করতে চায়,” অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
নারায়ণগঞ্জে ‘চাইনিজ রাইফেল দিয়ে পুলিশের গুলি করার’ বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এর তদন্ত দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে নেতাকর্মীদের ওপর পুলিশের ‘বেআইনি কার্যক্রমের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জে শাওন প্রধান নিহতের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘আজকের এই সভা থেকে আমরা দাবি করছি যে, পত্র পত্রিকায় এই যে ছবি (চাইনিজ রাইফেল তাক করা), এই ছবি তদন্ত করে আনুক এবং যিনি এই রাইফেল নিয়ে পয়েন্ট লাইনে গুলি করেছেন তার তদন্ত করে তাকে আইনের আওতায় এনে তাকে সাজা দিতে হবে।
‘‘যদি না দেন। আমরাও বসে থাকব না, বসে নাই। ভোলাতে মামলা করেছি, নারায়ণগঞ্জের হত্যাকাণ্ডের মামলা করব। যত আইন ভঙ্গ করে বেআইনিভাবে, আমার ভাইদের ওপর অত্যাচার করবে ততবার মামলা হবে।”
নারায়ণগঞ্জে শাওন প্রধান নিহত হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘‘বলা হচ্ছে, এই এসআই কনকের চাইনিজ রাইফেল রাখার কোনো এখতিয়ার ছিল না। তাহলে এই চাইনিজ রাইফেলটা আসলো কোত্থেকে? কোন আদেশ বলে সে গুলি করল আমার ভাইকে।
“পুলিশকে কি সেই এখতিয়ার দেয়া হয়েছে যে, একজন মানুষ বিনা কারণে পুলিশ গুলি করে হত্যা করবে? সরকারকে অবশ্যই জবাব দিতে হবে এই হত্যার জন্য দায়ী কে?”
এ বিষয়ে আলোকচিত্রসহ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিকদের ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।
বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি রোডে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সে সময় নিহত হন ২০ বছর বয়সী শাওন। তাকে যুবদল কর্মী দাবি করছে বিএনপি। অপরদিকে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি রাজনীতি করতেন না।
শাওন প্রধানের নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ হয়। নয়াপল্টনে ট্রাকের ওপর তৈরি অস্থায়ী মঞ্চ থেকে নেতারা বক্তব্য রাখেন।
সমাবেশে ফখরুল বলেন, ‘‘সরকার বলতে পারেন মামলায় কি হবে? মামলায় হয়, মামলায় খুবই হয়। আজকে দেখুন আপনাদের (পুলিশের আইজি) প্রধান আমেরিকায় গেছেন এবং শর্তসাপেক্ষে গেছেন, শর্ত মেনে যেতে হয়েছে। সেখানে তাকে (বেনজীর আহমেদ) বলা হয়েছে যে, সুনির্দিষ্ট এলাকা জাতিসংঘের ক্যাম্পাসের বাইরে তুমি যেতে পারবে না।
‘‘এটা লজ্জ্বা আমাদের জন্য, একটা স্বাধীন সার্বেভৌম দেশের জন্য কত বড় লজ্জ্বার কথা যে, আজকে পুলিশপ্রধানকে শর্তসাপেক্ষে ভিসা নিয়ে বিদেশে যেতে হচ্ছে।“
‘বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে চায়’
বিএনপি গত কয়েকদিন ধরে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি পালন করছে দাবি করে দলের মহাসচিবের অভিযোগ, ‘‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, চাল-ডাল-তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা আন্দোলন করছিলাম। সেখানে ভোলাতে তারা (পুলিশ) দুইজনকে হত্যা করেছে।
‘‘প্রতিষ্ঠাবার্ষিকী থেকে শুরু করে আজ পর্যন্ত তারা তিনজনকে হত্যা করেছে এবং মামলায় আসামী সংখ্যা প্রায় ২০ হাজার ছাড়িয়ে গেছে। সেই আগের কায়দায়, গায়েবি মামলার কায়দায় এবং এই মামলা দিয়ে হামলা করে, আহত করে পঙ্গু করে আবার তারা বিরোধী দলকে মাঠ থেকে সরিয়ে দিতে চায় এবং মাঠে থেকে তারা একাই নির্বাচন করতে চায়।”
তবে সরকারকে ‘একা নির্বাচনের’ সুযোগ দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘‘এখনও সময় আছে, জনগণের কাছে ক্ষমা নিয়ে পদত্যাগ করে আপনারা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। সংসদ বাতিল করুন… নতুন নির্বাচন কমিশন গঠন করে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় এদেশের জনগণ আপনাদেরকে কোনো দিনই ক্ষমা করবে না।”
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “সারা বাংলাদেশে এভাবে আমাদের নেতারা গুলি খেতে শিখেছে, মার খেতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। ইনশাল্লাহ শেখ হাসিনা টিকে থাকার ক্ষমতা নাই, টিকে থাকতে পারবে না।”
স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,
“আমি নিশ্চিত যে, বাংলাদেশের পুলিশের মধ্যে নিজেদের বিবেকের কাছে তারা এখন প্রশ্ন করছে। তাদের দিয়ে যে কাজ করানো হচ্ছে এটা শুধু অসাংবিধানিকই নয়, এটা মানুষের সাধারণ ধর্মীয় চিন্তার দিক থেকে তারা নিজেদের বিবেকের কাছে দায়ী থাকছে।”
বিএনপির মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া ও জয়নুল আবদিন ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম আজাদ, শ্যামা ওবায়েদ, কামারুজ্জামান রতন, মীর সরফত আলী সপু ও আনিসুর রহমান তালুকদার খোকন, মহানগর দক্ষিণের ইশরাক হোসেন, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, কৃষক দলের হাসান জাফির তুহিন, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, তাঁতী দলের আবুল কালাম আজাদ, ছাত্রদলের কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, নারায়নগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বক্তব্য রাখেন।
