রিজভীকে পুলিশ ‘খুঁজছে’
“রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে," বলেন হারুন অর রশীদ।
বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় কয়েকটি মামলা মাথায় নিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিয়মিত ঝটিকা মিছিল এবং লিফলেট বিলি করে চললেও পুলিশ তার খোঁজ পাচ্ছে না।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলছেন, রিজভীকে তারা এখনও ‘খুঁজছেন’।
রোববার দুপুরে মিন্টো রোডে নিজের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে রিজভীকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন হারুন। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনেকেই যেখানে গ্রেপ্তার হয়েছেন, সেখানে রিজভীকে ছাড় দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্ন রাখা হয় এই পুলিশ কর্মকর্তার সামনে।
জবাবে হারুন বলেন, "যাদের বিরুদ্ধে মামলা ছিল, অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেপ্তার করেছি। রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, তাকেও শিগগির আইনের আওতায় আনা হবে।"
জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে ২৮ অক্টোবর সমাবেশ ডেকেছিল বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
সেদিন দুপুরের আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরো ডজনখানেক যানবাহন। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবনে।
দৈনিক বাংলা মোড়ে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সংঘাতে প্রাণ যায় যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লার।
সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই পরদিন সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৯ অক্টোবর সেই হরতালের সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
ওই ঘটনায় বিভিন্ন অভিযোগে সাত ডজন মামলায় বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। জ্যেষ্ঠ নেতাদের অনেকে গ্রেপ্তার হন, বাকিরা চলে যান আত্মগোপনে।
তাদের মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী দলীয় মুখপাত্রের ভূমিকায় অবতীর্ণ হয়ে অজ্ঞাত স্থান থেকে নিয়মিত ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে আসতে থাকেন, দফায় দফায় দিতে থাকেন হরতাল, অবরোধের মত কর্মসূচির ঘোষণা।
এই হরতাল-অবরোধের মধ্যে ফিরে এসেছে নাশকতা। ফায়ার সার্ভিসের হিসাবে, ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত প্রায় তিনশ যানবাহনে আগুন দেওয়া হয়েছে।
২৮ অক্টোবরের ঘটনায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশ হত্যাসহ বেশ কয়েকটি মামলায় আসামির তালিকায় নাম রয়েছে রিজভীর। তার মধ্যেই তিনি হরতাল-অবরোধের সকালে ঢাকা, রাজশাহী, কুমিল্লায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দিয়েছেন। অসহযোগের ডাক দিয়ে ভোট বর্জনের আহ্বানে রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করছেন নিয়মিত।
এসব বিষয়ে সাংবদিকদের প্রশ্নের উত্তরে ঢাকার ডিবি প্রধান হারুন বলেন, “একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করে। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন! নির্বাচন বানচালের ঘোষণা দেয়!”
