বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরে ছাত্রলীগ-যুবলীগকে দুষছেন ফখরুল
নির্বাচনের আগে ‘মাঠ ছাড়া’ করতে বিএনপি নেতাকর্মীদের নামে ‘মিথ্যা মামলা’ দেওয়া হচ্ছে বলে অভিযোগ দলটির মহাসচিবের।
চট্টগ্রাম নগরীতে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ চলার সময় জামাল খান মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরের ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “আমরা যতটুকু জানতে পেরেছি, ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা, তারা নিজেরাই যে সমস্ত স্থাপনা ছিল- সেই সমস্ত স্থাপনা ভাংচুর করে একটা মিথ্যা মামলা সাজিয়ে পুলিশ পাঁচজন যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে এবং আরও মামলা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করছি।”
বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন ফখরুল।
আগের দিন কাজীর দেউড়িতে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ‘তারুণ্যের সমাবেশ’ হয়, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
ওই সমাবেশমুখী একটি মিছিল চট্টগ্রাম কলেজের ফটক অতিক্রমের সময় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাঁধে। পরে জামালখানে ডা. খাস্তগীর বালিকা বিদ্যালয়ের দেয়ালে স্থাপিত বঙ্গবন্ধুর জীবন-কর্মের আলোকচিত্র নিয়ে তৈরি ম্যুরাল ভাংচুরের ঘটনা ঘটে।
ফখরুল বলেন, “গতকাল চট্টগ্রামে তারুণ্য সমাবেশ ছিল। সেখানে দুর্ভাগ্যজনকভাবে যুবদল-ছাত্রদলের ছেলেরা যখন সেই সমাবেশে আসছিল, পথিমধ্যে ছাত্রলীগ-যুবলীগের ছেলেরা তাদেরকে আক্রমণ করে। আক্রমণ করলে তারা প্রতিহত করে একত্রিত হয়ে সমাবেশে যোগ দেয়।
“সমাবেশ শেষে যখন তারা ফিরে যাচ্ছিল, আবারও তাদের ওপর আক্রমণ করে। ওইখান থেকে পুলিশ তাদের প্রটেকশন দিয়ে চলে যেতে দেয়।”
বুধবারের ভাংচুরের ঘটনার পরপরই পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছিল। পরে আরও ১৯ জনসহ দুদিনে ছাত্রদল-যুবদলের মোট ২৪ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার মাহতাব বলেন, ভাংচুরের পরপরই সিসি ক্যামেরার ভিডিও দেখে কোতোয়ালি থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। পরে চান্দগাঁও, চকবাজার ও বাকলিয়া থানা এলাকা বাকিদের ধরা হয়।
‘বিএনপিকে মাঠ ছাড়া করতেই মিথ্যা মামলা’
নির্বাচনের আগে বিএনপিকে ‘মাঠ ছাড়া’ করতে নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার ‘মিথ্যা মামলা’ দিচ্ছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার ভাষ্য, “নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততোই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে ব্যবহার করে খুন-হত্যা-মিথ্যা মামলা, উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে মিথ্যা মামলায় নাম ভুক্ত করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করা হচ্ছে। সরকারের জুলুম নির্যাতন বিভিন্ন কৌশলে সম্প্রতি বেড়েই চলেছে।”
ফখরুল বলেন, “আজকে যে মামলাগুলো হচ্ছে- মামলাগুলো মিথ্যা এবং আপনি শুনে অবাক হবেন যে, পুরনো যে মামলাগুলো করা ছিল- সেগুলো আবার রিভাইভ করা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের মামলাগুলো দ্রুত শেষ করা হচ্ছে।
“উদ্দেশ্য একটাই, নির্বাচনের আগে বিএনপিকে মাঠ ছাড়া করে দেওয়া। ব্যাস, ওদের কাজ হয়ে গেল। ক্যান্ডিডেইট যদি না থাকে, তখন নির্বাচন কী হবে? আজকে সেই লক্ষ্যে তারা নেমেছে। লক্ষ্য একটাই- আবারও বিনা ভোটে জোর করে, কারচুপি করে যেনতেনভাবে ক্ষমতা দখল করা।”
সংবাদ সম্মেলনে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সাবেক ছাত্রদল নেত্রী শিরিন সুলতানাসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে সম্প্রতি দায়ের হওয়া হত্যা মামলা নিয়ে কথা বলেন ফখরুল।
তিনি বলেন, “অতি সম্প্রতি এক ভয়ংকর চক্রান্তমূলক হত্যাকাণ্ড ঘটিয়ে দেশের অন্যতম জনপ্রিয় নেতা ’৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নায়ক খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানাসহ নরসিংদীর ৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটা মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, চক্রান্তমূলকভাবে খোকনের নরসিংদীর বাসভবন ও বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়েছে।
“এই ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ যোগসাজশে এবং সমর্থনে কিছু সন্ত্রাসীদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়ে ও পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। মূল লক্ষ্য নরসিংদী থেকে বিএনপিকে নির্মূল করা এবং খোকন, তার ন্যায় একজন ভদ্র, সজ্জন, রাজনীতিবিদকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।”
বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বিএনপি জেলা কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনার বিষয়ে স্থানীয় থানায় জিডি করতে গেলেও পুলিশ গ্রহণ করেনি।
“সর্বশেষ সশস্ত্র সন্ত্রাসীদের একজন বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও বোমা মারার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছে স্বীকারোক্তি দিলেও পুলিশ ওই সন্ত্রাসীদের এখনও গ্রেপ্তার করে নাই এবং এমনকি থানায় কোনো অভিযোগ গ্রহণ করে নাই।”
ফখরুল বলেন, “আমরা বিশ্বাস করি, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা, খোকনের বাড়ি ও জেলা অফিসে বোমা হামলা, অগ্নিসংযোগের ঘটনা সরকারি মদদপুষ্টরা ঘটিয়েছে। আমরা এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, নরসিংদী জেলার সদস্য সচিব মনজুর এলাহী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
