নাশকতার এক মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরুর আদেশ
২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ভাংচুরের ঘটনায় এ মামলা হয়।
এগারো বছর আগে পল্টন থানায় করা নাশকতার এক মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আটজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
রোববার এ মামলায় অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ঠিক করে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।
অন্য আসামিরা হলেন- যুবদল নেতা আজিজুল বারী হেলাল, সাইফুল আলম নিরব, মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু, খন্দকার এনামুল হক এনাম ও জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ।
২০১২ সালের ৯ ডিসেম্বর কাকরাইল থেকে বিজয়নগরের দিকে যাওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ভাংচুর হয়েছিল। সেই ঘটনায় পল্টন থানায় মামলা করেন গাড়িটির চালক মো. আয়নাল। ২০১৭ সালের ২৩ অক্টোবর এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid09QCZJznu4LXhKMm7dvxGMM4UCyRVCWuKBPqPxaKpeM3nXJsxniucF8XcJi4niWbTl ]
