কৃষিমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে মামলা-গ্রেপ্তার পরিকল্পিত: রিজভী
রিজভী বর্তমান সরকারের প্রশংসা করে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন।
বিএনপি মামলা-গ্রেপ্তারের বিষয়টি যে পরিকল্পিত তা কৃষিমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিঙে তিনি বলেন, “গতকাল একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক জানিয়েছেন- সিট ভাগাভাগির নির্বাচনকে নির্বিঘ্ন কণ্টকমুক্ত করার জন্যই বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। বিএনপিকে প্রস্তাব দেয়া হয়েছিল তারা নির্বাচনে আসলে নির্বাচন পিছিয়ে দেয়া হবে। এমনকি একরাতে সব নেতাকে জেল থেকে মুক্তির প্রস্তাবও তাদেরকে দেয়া হয়েছিল। কিন্তু বিএনপি রাজি হয়নি।”
“…এই স্বীকারোক্তি প্রমাণ করে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড করে পুলিশ তাণ্ডব-হত্যাকাণ্ড থেকে শুরু করে চলমান যত সহিংসতা-মিথ্যা মামলা-গ্রেপ্তার-হুলিয়া-হত্যা-বিএনপিসহ বিরোধী দলের বাড়ি-ঘরে হামলা-তল্লাশি-ভাংচুর-গৃহছাড়া-আটক বাণিজ্য সবকিছু শেখ হাসিনার পূর্বপরিকল্পিত।”
রিজভী বলেন, “শেষ পর্যন্ত এই প্রভাবশালী মন্ত্রী হাটে হাঁড়ি ভেঙে স্বীকার করলেন যে, দেশের আইন-আদালত, আইনশৃঙ্খলা বাহিনী-প্রশাসন, কোর্ট-কাচারী, বিচার-আচার সবকিছুই আওয়ামী মাফিয়া সরকারের হাতে বন্দি। বিচার ব্যবস্থা আর আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। পৃথক কোনো স্বত্তা নেই, দেশে কোনো আইন নেই। সবকিছু শেখ হাসিনার ইশারায় চলছে।”
‘ভারতের এম জে আকবরের বক্তব্য নিন্দনীয়’
ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সামনে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনাও করেন রিজভী।
তিনি বলেন, “ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রতিথযশা সাংবাদিক ও লেখক এম জে আকবর বাংলাদেশে এসে গতকাল এক সেমিনার শেষে সংবাদ সম্মেলনে নিশিরাতের ভোট ডাকাত,
১৫ বছর বন্দুকের নলের মুখে জনগণের ঘাড়ে দৈত্যর মতো চেপে বসা গণবিচ্ছিন্ন স্বৈরশাসক শেখ হাসিনাকে স্তুতি আর প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “এম জে আকবরের মতো একজন প্রাজ্ঞ সাংবাদিক ও রাজনীতিক কি করে সবকিছু জেনেশুনেও একনায়কতন্ত্রের পক্ষে, ১৮ কোটি বাংলাদেশীর বিপক্ষে অবস্থান নিয়ে কথা বললেন।
“জনসমর্থনহীন শেখ হাসিনার ক্ষমতায় থাকা আপনাদের কি স্বার্থ নিশ্চিত করে, এটা এদেশের জনগণ জানতে চায়। আপনাদের সমর্থনে ফ্যাসিস্ট শেখ হাসিনা এদেশে নিষ্ঠুর বর্বরতা চালাচ্ছেন বলে এদেশের জনগণ বিশ্বাস করে।”
‘‘ভারত কি তাহলে বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে শুধুমাত্র আওয়ামী লীগকেই বন্ধুত্বের বন্ধনে আঁকড়ে রাখতে চায়? এম জে আকবর বক্তব্য বাংলাদেশের জনগণকে অবজ্ঞা করার শামি, এম জে আকবরের মন্তব্য কর্তৃত্বসূলভ ও বাংলাদেশের জনগণের সার্বভৌম ইচ্ছাকে অসম্মান করা বাংলাদেশ কোন স্যাটেলাইট স্টেট নয়। বাংলাদেশের জনগণ কোন দেশের প্রোটেক্টটরেট নয়।
ব্রিফিংয়ে রিজভী মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
