Published : 10 Feb 2024, 07:41 PM
এক সপ্তাহ পিছিয়ে আগামী ৯ মার্চ জাতীয় সম্মেলন করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির রওশন এরশাদপন্থিরা।
শনিবার গুলশানে নিজের বাসভবনে সভা শেষে সম্মেলনের নতুন দিনক্ষণ নির্ধারণের কথা জানান তিনি।
সেদিনের সম্মেলনকে তিনি ‘জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন’ হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আমি পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি। প্রাথমিকভাবে ২ মার্চ দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছিলাম। পবিত্র মাহে রমজানের আগে রাজধানীতে নানা আনুষ্ঠানিকতা থাকায় ওই দিনের উপযুক্ত ভেন্যু না পাওয়া আমরা তারিখ পরিবর্তন করেছি। ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।”
গত ২৮ জানুয়ারি গুলশানে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা দিয়ে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেন।
তবে তার ওই দাবি মানছেন না জিএম কাদের ও চুন্নু। এরমধ্যে সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে জিএম কাদেরকে এবং উপনেতা হিসেবে কো-চেয়ারম্যান আনিসুল ইসলামকে স্বীকৃতি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
এদিকে রওশনপন্থিদের জাতীয় কাউন্সিল ঘোষণার পর মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘‘কাউন্সিল আহ্বানের এখতিয়ার উনার নেই। এটা এখতিয়ার বর্হিভূত।”
শনিবার তার অনুসারী নেতাদের নিয়ে বৈঠক শেষে রওশন এরশাদ বলেন, “জাতীয় পার্টি পল্লী বন্ধু এরশাদের গড়া দল, যে দলের লাখ লাখ নেতাকর্মী যে দলের লাখ লাখ নেতাকর্মী দক্ষতা ও যোগ্যতায় এখনও সরকার পরিচালনার স্বপ্ন দেখছে। সেই দলটির সাংগঠনিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পল্লীবন্ধু এরশাদের রেখে যাওয়া জাতীয় পার্টির জনপ্রিয়তায় চরম ধস নেমেছে।
‘‘পার্টি থেকে পল্লীবন্ধুর নামটাও প্রায় মুছে ফেলা হয়েছে। পার্টির এই ক্রান্তিলগ্নে দেশের অগণিত এরশাদ পাগল নেতাকর্মীদের দাবির মুখে এসে কঠিন পরিস্থিতি আমাকে জাতীয় পার্টি রক্ষা করার জন্য চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আশা করি, সবার সহযোগিতার মাধ্যমে হয়তো এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হবে।”
সভায় এইচ এম এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদও ছিলেন।
রওশন এরশাদপন্থি জাপার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ বলেন, ‘‘বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। যারা নানা কারণে পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন তারাও এখন আসার আগ্রহ প্রকাশ করছে। আগামী কাউন্সিল নানারকমের চমক আপনারা দেখবেন।”
আরও পড়ুন
পুরানো খবর:
জাপার রওশন-মামুন কমিটির তথ্য সিইসিকে জানিয়ে চিঠিপুরানো খবর:
নিজেই জাতীয় পার্টির চেয়ারম্যান, ঘোষণা করলেন রওশন