২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শেখ হাসিনার

“প্রতি ছয় মাস অন্তর করা জরিপের ভিত্তিতে আমরা আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য প্রার্থী বাছাই করছি,” বলেন আওয়ামী লীগ সভাপতি।

দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান শেখ হাসিনার

সংসদ ভবনে রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2023, 01:00 AM

Updated : 23 Oct 2023, 01:03 AM

আসন্ন সংসদ নির্বাচনে জয় নিশ্চিত করতে দলীয় মনোনীত প্রার্থীদের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে বাসস।

বর্তমান একাদশ সংসদে আওয়ামী লীগের সংসদীয় এ কমিটির অষ্টম বৈঠকে তিনি বলেন, “প্রতি ছয় মাস অন্তর করা জরিপের ভিত্তিতে আমরা আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য প্রার্থী বাছাই করছি।”

আওয়ামী লীগ প্রধান বিশেষ করে বর্তমান সংসদ সদস্যদের দলের পক্ষ থেকে যে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে তাদের পক্ষে কাজ করার নির্দেশ দেন।

বৈঠকে উপস্থিতদের বরাতে বাসস জানায়, “প্রধানমন্ত্রী বলেন, যারা দলীয় মনোনীত প্রার্থীদের বিরোধিতা করবে, তাদের রাজনীতি শেষ হয়ে যাবে।”

শেখ হাসিনা এও বলেন, এএলপিপি’র বৈঠকে উপস্থিত সংসদ সদস্যদের কেউ কেউ হয়তো দলীয় মনোনয়ন পাবেন না।

“শুধু আপনাদের মুখ দেখে মনোনয়ন দেব না, আগামী নির্বাচনে যাদের জয়ের সম্ভাবনা আছে তাদেরই দলীয় মনোনয়ন দেওয়া হবে।”

তিনি বলেছেন, আগামী নির্বাচনে কাউকে টেনে তোলার দায়িত্ব তিনি নেবেন না। আপনাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এবং নির্বাচনে জিততে হবে।

এজন্য আওয়ামী লীগ সভাপতি সবাইকে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে নির্দেশ দেন।

তিনি বলেন, "দলের অভ্যন্তরীণ কোন্দল পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে হবে।"

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু পশ্চিমা শক্তি বাংলাদেশে একটি পুতুল সরকার বসাতে চায়। কারণ, সেই সরকারকে নিয়ন্ত্রণ করা সহজ হবে।

তিনি বলেন, বিএনপি আপাতত আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কোনো আগ্রহ দেখাচ্ছে না। তবে নির্বাচনকে বিতর্কিত হিসেবে আখ্যায়িত করার জন্য তারা নির্বাচনে অংশ নিতে পারে।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের শামীম ওসমান, রাজবাড়ীর কাজী কেরামত আলী, লক্ষ্মীপুরের নূর উদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রামের আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরমা দত্ত ও সৈয়দা রুবিনা আক্তার মীরা।