২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবাধ নির্বাচনের পূর্বশর্ত ‘শেখ হাসিনার পদত্যাগ’: গয়েশ্বর

গয়েশ্বর বলেন, এ সরকার না থাকলে পুলিশও ‘ভদ্র হয়ে যাবে’।

অবাধ নির্বাচনের পূর্বশর্ত ‘শেখ হাসিনার পদত্যাগ’: গয়েশ্বর

ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ঢাকায় প্রেস ক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসনসহ বন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2023, 05:19 PM

Updated : 03 Jan 2023, 05:19 PM

শেখ হাসিনা পদত্যাগ করলে প্রশাসন ‘জনগণের খাদেম’ হিসেবে কাজ করবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী তার ‘পদ ছাড়লেই’ আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

মঙ্গলবার ঢাকায় এক মানববন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা হাসিনা। শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় থাকবেন ততক্ষণ পুলিশ বাধা, র‌্যাব বাধা, প্রশাসনের সব লোক বাধা...।

“আজকে শেখ হাসিনা ক্ষমতায় নাই কালকে পুলিশও ভদ্র হয়ে যাবে, পুলিশ জনগণের পক্ষে থাকবে, পুলিশও ভোট কাটতে আর রাত্রি বেলা কেন্দ্র যাবে না… প্রশাসনও জনগণর খাদেম হিসেবে কাজ করবে।”

তাকে পদত্যাগে ‘বাধ্য করতে’ আন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে গয়েশ্বর বলেন, “শেখ হাসিনার পদত্যাগ হল আগামী সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্ত। এই পূর্বশর্ত পূরণ হলে আমাদের সকল শর্তই পূরণ হবে।

“আমরা গণতন্ত্রকে মুক্ত করি, আমরা গণতন্ত্রকে মুক্ত করে দেশের এই ফ্যাসিবাদের হাত থেকে দেশটাকে মুক্ত করি। সেজন্য আমাদের আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নাই। আমাদের সংগ্রাম করতে হবে। এটাই আমাদের প্রত্যয় হোক।”

বন্দি নেতা-কর্মীদের আলাদা আলাদা মুক্তি চেয়ে লাভ হয় না জানিয়ে তিনি বলেন, “তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে।

“আমরা শুধু আদালত বা বিচার বিভাগের সামনে একটা কথা বলতে চাই, আমরা জাস্টিস চাই। আমরা কোনো কৃপা চাই না, আমরা করুনা চাই না। আমরা জাস্টিস পাই নাই।”

ঢাকার ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনসহ বন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

গয়েশ্বর বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জাস্টিস চেয়েছিল। তিনি জাস্টিস পান নাই, তিনি ইনজাস্টিস পেয়েছেন। তিনি বিচার পান নাই।

“হাজী সেলিম কোটি কোটি টাকার আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি, সেই আসামি জামিন পান। কিন্তু বেগম খালেদা জিয়া জামিন পান না। এটা অবিচার। অনেকে আছে জেল মাথায় নিয়ে মন্ত্রিত্ব করেছেন। সুতরাং কার কাছে বিচার চাইব? বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগ থেকে আলাদা হত, তাহলে হয়ত আমরা ন্যায়বিচার পেতাম।“

ফোরামের আহ্বায়ক সোহেল রানার সভাপতিত্বে বিএনপির আমিরুল ইসলাম খান আলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, কাজী আবুল বাশার, আনিসুর রহমান তালুকদার খোকন, ফরহাদ হোসেন আজাদ, আমিরুজ্জামান শিমুল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ওমর ফারুক শাফিন, শাহজাহান মিয়া সম্রাট মানববন্ধনে বক্তব্য দেন।