২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হলেন বকুল

২০১৬ সালের মার্চে বিএনপির কাউন্সিলের পর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও এ পদ খালি ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2023, 12:46 AM

Updated : 09 Jan 2023, 12:46 AM

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি রকিবুল ইসলাম বকুলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার দলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

২০১৬ সালের মার্চে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলেও ছাত্র বিষয়ক সম্পাদক পদে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। ছয় বছর পর বিএনপি এ পদে বকুলকে মনোনীত করল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গঠনতন্ত্রের প্রাপ্ত ক্ষমতাবলে জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মনোনীত করেছেন।

এর আগে সবশেষ গত জাতীয় নির্বাহী কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি ষষ্ঠ কাউন্সিলের পর দলের প্রচার সম্পাদক হন।

একাদশ জাতীয় সংসদে বকুল বিএনপি প্রার্থী হিসেবে খুলনা ৩ আসনে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর বকুল ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক, ফজলুল হক হলের সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে সহসভাপতি নির্বাচিত হন।