২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা খালি যুগে যুগে মাইর খাব নাকি: গয়েশ্বর

“আর বেঁচে থাকার অধিকার রক্ষায় আমাদের সকলকে পাল্টা জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে,” বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 11:13 PM

Updated : 31 Aug 2023, 11:13 PM

বিএনপির ‘শান্তিপূর্ণ আন্দোলনে’ বাধা আসলে পাল্টা প্রতিরোধের ঘোষণা দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারা কেবল মার খেয়ে যাবেন না। 

বৃহস্পতিবার বিকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। 

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা বলেন, ‘‘সরকারকে হটানো ছাড়া মাঠ থেকে পালানো যাবে না। আমি আশা করি আপনাদের সেই অঙ্গীকার আছে। শেখ হাসিনা যদি বলতে পারেন, ‘হাত-পা ভেঙে দাও, একটা মারলে ১০টা মারবা।’ তাহলে তার প্রতিউত্তরে আমরা যদি উত্তর দেই… তাহলে অপরাধ হবে? 

‘‘আমরা খালি যুগে যুগে মাইর খাব নাকি? প্রয়োজনে দেশ স্বাধীন করেছি। সুতরাং বেঁচে থাকার অধিকার আমার আছে। আর বেঁচে থাকার অধিকার রক্ষায় আমাদের সকলকে পাল্টা জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।” 

শেখ হাসিনাকে যেতে হবেই উল্লেখ করে গয়েশ্বর বলেন, “এই লুটেরাদের নিয়ে সে ক্ষমতায় থাকতে পারবে না…এটা পরিষ্কার।” 

সরকারের পরিবর্তনের জন্য মানুষ তো দূরের কথা একটা প্রাণীর দেহত্যাগও বিএনপি চায় না বলে জানান তিনি। 

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। এ সময় বিএনপির ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের বই ‘দ্য রোড অব ডেমোক্রেসি’র মোড়ক উন্মোচন করা হয়। 

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী দিন সকাল সাড়ে ১০টায় শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ এবং বিকাল তিনটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে বিএনপি। 

প্রধান বিচারপতির কাছে প্রশ্ন 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বিদায়ী ভাষণও উঠে আসে গয়েশ্বরের বক্তব্যে। তিনি বলেন, ‘‘প্রধান বিচারপতি বলছেন যে, বিচার বিভাগ যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না হয় তাহলে দেশের ভবিষ্যত ভয়াবহ। 

‘‘আপনি যে প্রধান বিচারপতি ছিলেন উত্তরটা দিতে পারেন বেগম খালেদা জিয়া কোন আইনের বলে জামিন লাভ করতে পারে নাই? বিচারের নামে অবিচার করবেন আর চেয়ার থেকে নামলে সুন্দর কথা বলবেন আর চেয়ার রক্ষা করার জন্য শেখ হাসিনা যা বলবেন তাই শুনবেন এটা নাম বিচারপতি না, এটার নাম বিচার বিভাগ না।” 

বিচারিক আদালতে বিএনপি ন্যায়বিচার পাচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘‘এখানে আপনাদের সঙ্গে আমার অনেকের দেখা হয় প্রতিদিন। ম্যাজেট্রেটদের যে ভাব… ওরে বাপরে বাপ।

“একটা মামলার স্বাভাবিক নিয়মে একমাস সময় দেয় পরবর্তি হাজিরার। এখন দেয় তারা সাত দিন পর। আর কয়েকদিন পরে দেবে… প্রতিদিন আমাদের যেতে হবে।” 

আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘চিফ জাস্টিস চলে যাচ্ছেন। উনার বিদায়ী সংবর্ধনায় উনি বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ যদি রাজনীতির উর্ধ্বে না পারেন দেশে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। 

‘‘একি কথা শুনি আজি মধুরার মুখে। আহ হা… কি ভালো কথা না? অর্থাৎ উনি স্বীকার করে নিলেন, বাংলাদেশে বিচার বিভাগ পুরোপুরি একটি রাজনৈতিক পরিবেশে কাজ-কর্ম চালাচ্ছেন উনারা.. তাই না?” 

দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকত উল্লাহ বুলু, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনও বক্তব্য রাখেন।