সরকারি দল বিএনপির প্রেমে পড়ে গেছে: সাকি
“মানুষ যখন প্রতিরোধ করা শুরু করবে, পালানোর জায়গা পাবেন না। আগামীকাল থেকে মানুষ প্রতিরোধ করা শুরু করবে,” সরকারের উদ্দেশে বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক।
বিএনপি কর্মসূচি ঘোষণার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে একই দিনে পাল্টা কর্মসূচি দিচ্ছে, তা নিয়ে কটাক্ষ করেছেন সরকারপতনের আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতা জোনায়েদ সাকি।
শুক্রবার বিকালে পুরানা পল্টন মোড়ে জোটের এক সমাবেশ থেকে তিনি বলেন,“সরকারি দল বিএনপির প্রেমে পড়ে গেছে। বিএনপির পিছু পিছু তাদের প্রতিদিন কর্মসূচি দিচ্ছে। ৭০ বছরের একটা ঐতিহ্যবাহী দল শান্তির নামে গুণ্ডাবাহিনী তৈরি করে বিরোধী দলের পিছু পিছু হাঁটছে।
“এর আসল উদ্দেশ্য পায়ে পা দিয়ে ঝগড়া করা। মতিঝিলে তারা বিএনপির মিছিলে হামলা করেছে। হামলা করার জন্যই তারা শান্তি সমাবেশ করছে।”
সমাবেশের সভাপতি ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “মানুষ যখন প্রতিরোধ করা শুরু করবে, পালানোর জায়গা পাবেন না। আগামীকাল থেকে মানুষ প্রতিরোধ করা শুরু করবে।”
এ সমাবেশ থেকে শনিবার ঢাকার প্রধান প্রবেশপথগুলোতে ‘শান্তিপূর্ণ’ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।
সাকি বলেন, “আগামীকাল সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকার সব প্রবেশ পথে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করছি।“
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ‘এক দফা’ দাবিতে বিএনপিসহ সমমনা জোট ও বিভিন্ন রাজনৈতিক দলগুলো শুক্রবার ঢাকায় আলাদা আলাদাভাবে সমাবেশ করে একই কর্মসূচি ঘোষণা করে।
গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে জোনায়েদ সাকি বলেন, “আজকে বাংলাদেশে একটা ঐতিহাসিক ও জরুরি মুহূর্ত তৈরি হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩৬টি রাজনৈতিক দল যুগপৎ কর্মসূচি দিয়ে রাজপথে অবস্থান নিয়েছে। এই এক দফা হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম ভিত্তি। এটা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই।
“আমাদের এক দফা হচ্ছে এই সরকারের অবিলম্বে পদত্যাগ এবং এই অবৈধ সংসদের বিলুপ্তি। এই এক দফা বাস্তবায়ন করতে পারলে আমরা নতুন রাষ্ট্র ব্যবস্থার পদক্ষেপ নিতে পারব। এক দফা হচ্ছে রাষ্ট্র সংস্কারে আমাদের ৩১ দফার নির্যাস। প্রধান বিরোধী দল বিএনপিও এর অধিকাংশ দফার সঙ্গে একমত প্রকাশ করেছে।”
সাকি বলেন, “আমরা এই সরকারকে বেআইনি ও অসাংবিধানিক সরকার মনে করি। সেই কারণে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ন্যায়সঙ্গত। এই দেশে ন্যায় ও জনগণের সংবিধান প্রতিষ্ঠা করার ক্ষেত্র তৈরি হচ্ছে। এই আইন, সংবিধান বহাল রেখে ভোটাধিকার প্রতিষ্ঠা করা যাবে না।”
পুলিশ বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা এই সরকারের অনেক আদেশ মেনেছেন। আর আদেশ মানতে যাবেন না। চাকরিবিধির বাইরে গিয়ে অবৈধ সরকারের পক্ষে গিয়ে জনগণের বিরুদ্ধে যদি দাঁড়ান, আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে।
“জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা এই দেশে শান্তিতে থাকতে পারবেন না। জনগণ শান্তিপূর্ণ আন্দোলন করছে। আপানারা যদি বাধা দেন, তাহলে আপনাদেরকেও মোকাবেলা করা হবে।”
জোটের শরিক জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, “ডেঙ্গুতে শতশত মানুষ মারা যাচ্ছে, সরকারের কোনো মাথাব্যাথা নাই। তারা ক্ষমতায় থাকা নিয়ে ব্যস্ত।”
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “দয়া করে হাত গুটিয়ে নেন। আর সরকারের অন্যায় আদেশ শুনবেন না।
“গণতন্ত্র মঞ্চ হল জনগণকে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া জন্য। পার্লামেন্ট বাতিল না করলে আমরা ঘরে ফিরে যাব না। যুগপৎ আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।”
আওয়ামী লীগের কর্মসূচিতে এখন আর ‘মানুষ যায় না’ দাবি করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “বিএনপির সমাবেশের কাছে আওয়ামী লীগের সমাবেশ একটা টিকটিকির সমান। এখন হয়ত টেনেটুনে ৫০ হাজার লোক জড়ো করেছে। আগামী এক বছর পর আওয়ামী লীগের সমাবেশ গণতন্ত্র মঞ্চের সমাবেশের সমান হয়ে যাবে।”
সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়ে মান্না বলেন, “কাতুকুতু দিলেই এই সরকার পড়ে যাবে। বাংলাদেশ বদলে যাচ্ছে, আমরা টের পাচ্ছি, ওরা টের পাচ্ছে না।”
‘খুব বুদ্ধিমত্তার সঙ্গে হিসাব করে’ আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, “পতনের ঘণ্টা বাজিয়ে তবেই বাড়ি যাব। আমাদের এক দফার ভেতরে আনেক দফা আছে। কেবল একদলকে সরিয়ে আরেক দলকে ক্ষমতায় বসানো নয়। পুরো রাষ্ট্রের সংস্কার করব। বিজয়ের পথে আমাদের যাত্রা শুরু। এই যাত্রা সফল হবে।”
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “এবার শ্রাবণ মাসে তেমন বৃষ্টি হচ্ছিল না। আজকে প্রচণ্ড গরমের মধ্যে নেতাকর্মীদের একটু স্বস্তি দিতে শ্রাবণে রহমতের বৃষ্টি হয়েছে। প্রকৃতি তার ছায়া নিয়ে দাঁড়িয়েছে। ঢাকা শহরে আজকে মানুষ আর মানুষ।
“সরকারি হিসাবে ৩৬ লাখ সিমকার্ড এসেছে। সেই হিসাবে অন্তত ১৮ লাখ মানুষের জমায়েত হয়েছে। একটা প্রতিবাদী গণজাগরণের মধ্যে বাংলাদেশ আজকে দাঁড়িয়েছে। আরেকটা মুক্তিযুদ্ধের মত একটা জাগরণ, একটা অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারকে বিদায় করে দেশের গণতান্ত্রিক চরিত্র নিশ্চিত করতে চাই।”
বর্তমান সরকার মানুষের ভোটে ক্ষমতায় আসেনি মন্তব্য করে সাইফুল হক বলেন, “আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে। জনগণ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ দখলদার সরকারকে বিদায় করবে। বঙ্গবন্ধুর কন্যার হাতে এখনো সময় আছে, তিনি কি স্বৈরাচারের মতো লজ্জাজনকভাবে বিদায় নেবেন? নাকি জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় নেবেন?”
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তুলে ধরে তিনি বলেন, “এই সরকারের পৃথিবী এখন ছোট হয়ে আসছে। এই সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত না আনলে প্রয়োজনে নতুন সংবিধানের জন্য আন্দোলন করতে হবে।”
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, “৩৬টি সংগঠন একই দাবিতে একই কথা বলছে। বাংলাদেশ একটা ঐতিহাসিক মুহূর্তে উপনীত হয়েছে এক দফার দাবিতে। সেই এক দফা কেবল শেখ হাসিনার পদত্যাগের এক দফা নয়। এর চূড়ান্ত কথা রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার। এই সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে আমরা রাষ্ট্র সংস্কারে হাত দিতে চাই।”
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্যা কায়সার, জেএসডির সেক্রেটারি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসনী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু সমাবেশে বক্তব্য দেন।
