নাশকতার মামলায় হাজিরা দিলেন ফখরুলসহ ৫ নেতা
শাহবাগ থানায় মামলা দুটি করা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে।
তিন বছর আগের নাশকতার দুই মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির পাঁচ নেতা।
বৃহস্পতিবার সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামানের আদালতে তারা হাজিরা দেন বলে আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ৮টার দিকে আদালতে উপস্থিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে এ দুটি মামলা দায়ের করা হয়েছিল।
আদালতে হাজিরা দেওয়া অন্য নেতারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
