কৃষিমন্ত্রীকে ‘সরকার পতনের এক দফা’র লিফলেট দিলেন বিএনপি নেতা
কাকরাইলের ‘টিপটপ’ জামে মসজিদে জুমার নামাজ শেষে দেখা হয় দুই নেতার।
জুমার নামাজের পর সরকার পতনের ‘এক দফা’ দাবিতে বিএনপির বিতরণ করা লিফলেট হাসিমুখে নিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। বিএনপি নেতা ফজলুল হক মিলন সেটি তুলে দেন তার হাতে।
আওয়ামী লীগ ও বিএনপির পরস্পরবিরোধী রাজনীতি ও একে অপরকে আক্রমণ করে বক্তব্য বিনিময়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এ ঘটনাটি ঘটেছে ঢাকার কাকরাইল এলাকায়।
রাজ্জাক ও মিলন দুজনই ওই এলাকার টিপটপ মসজিদে নামাজ পড়তে যান। সেখানেই দেখা হয়ে যায় দুজনের।
কাকরাইল সার্কিট হাউজ কেন্দ্রীয় জামে মসজিদ ‘টিপটপ’ জামে মসজিদ হিসেবে পরিচিত। উচ্চ আদালতের বিচারক, মন্ত্রিসভার সদস্যসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই সেখানে নামাজ পড়েন।
বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন থাকেন বেইলি রোডের একটি অ্যাপার্টমেন্টে। তিনিও এ মসজিদে জুমার নামাজ পড়েন নিয়মিত।
নামাজ শেষে মসজিদ গেইটের সামনে লিফলেট বিতরণ করেছিলেন তিনি। এ সময় মন্ত্রীর সঙ্গে দেখা হয়ে গেলে কুশল বিনিময় শেষে তার হাতেও ধরিয়ে দেন লিফলেট।
মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই-আড়াইশ জনকে আমি একদফা লিফলেট দিয়েছি।
“কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক সাহেবকে যখন দেখি মসজিদ থেকে বের হচ্ছেন, তাকে সালাম দিলাম। বললাম, ‘একটা লিফলেট দিতে চাই আপনাকে’। উনি হাসিমুখে বললেন, ‘দেন’।”
ফজলুল হক মিলন বিএনপির ঢাকা বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি গাজীপুরের জেলা সভাপতি।
এ ব্যাপারে কৃষিমন্ত্রীর প্রতিক্রিয়া পায়নি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া মেলেনি।
মিলন লিফলেট দিয়েছেন প্রবীণ আইনজীবী ও গণফোরামের একাংশের সভাপতি ড. কামাল হোসেনকেও।
কামাল হোসেন ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির জোট জাতীয় ঐক্যফ্রন্টে ছিলেন। তবে পরে বিএনপি তাকে এড়িয়ে চলছে। কামালের নেতৃত্ব না মেনে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মণ্টুর নেতৃত্বে গঠিত গণফোরামের আরেক অংশের সঙ্গে যোগাযোগ আছে বিএনপির।
লিফলেট পেয়ে গণফোরাম নেতা কী বলেছেন, এই প্রশ্নে মিলন বলেন, “তিনি কেনো কিছু বলেননি। শুধু মাথা নেড়েছেন।”
সেই মসজিদে নামাজ পড়তে যাওয়া বেইলি রোডের বাসিন্দা সুলায়মান হোসেনও লিফলেট বিতরণের দৃশ্যটি দেখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মসজিদে সামনে ভ্রাম্যমাণ বাজারও বসে। আজকে সেখানে দেখলাম একটি লিফলেট বিতরণ করা হচ্ছে। অনেকের মত আমার হাতেও একটা এসেছে।”
লিফলেটে কী লেখা
নিউজ প্রিন্টে এক পৃষ্ঠার ‘এক দফার’ এই লিফলেটে লেখা আছে, “শেখ হাসিনার পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে সারাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ।
“এই এক দফার আন্দোলন জোরদার করুন এবং দলে দলে যোগ দিন।”
গত ১২ জুলাই বিএনপি ঢাকায় সমাবেশ করে এই এক দফা আন্দোলনের ডাক দেয়। এরপর ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ সব জেলাশহরে পদযাত্রা কর্মসূচিও পালন করেছে।
বিএনপির পাশাপাশি সেদিন ‘এক দফা’ ঘোষণা করেছে আওয়ামী লীগও। ক্ষমতাসীন দল জানিয়েছে, “শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়।’
দুই দলের পরস্পরবিরোধী এই অবস্থানের মধ্যে বিএনপির কর্মসূচির দিন ক্ষমতাসীন দল মাঠে নামে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ নামেও।
দুই দলের মুখোমুখি অবস্থানের মধ্যে একাধিক জেলায় সংঘাত হয়েছে। লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে যুবদলের একজনের।
মসজিদে মসজিদে বিএনপির লিফলেট
শুক্রবার কাকরাইল ছাড়াও রাজধানীর মসজিদের মসজিদে মুসল্লিদের কাছে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতারা।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টন জামে মসজিদে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম মোহাম্মদপুরে, মহানগরের উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক মিরপুরের রূপনগর এলাকায় লিফলেট বিলি করেন।
