২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি না পেয়ে বিক্ষোভ মিছিলের কর্মসূচি জামায়াতের

রোববার সব বিভাগীয় শহরে এই বিক্ষোভ মিছিল করবে জামায়াত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2023, 03:49 PM

Updated : 04 Aug 2023, 09:45 PM

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় রোববার বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচি ঘোষণা করেন বলে জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “বাংলাদেশে জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। প্রশাসন সহযোগিতার পরিবর্তনে একটি সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে। তাই আমরা আজকে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের কর্মসূচি স্থগিত করছি।

“এর প্রতিবাদে আগামী ৬ অগাস্ট রোববার সকল বিভাগীয় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচি বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”

পুলিশ সমাবেশের অনুমতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে তাহের বলেন, “সভা-সমাবেশ করা সাংবিধানিক অধিকার। সংবিধানের ৩৭ ধারায় সুস্পষ্টভাবে সভা-সমাবেশ করার অধিকার দেয়া হয়েছে। এই অধিকার বাস্তবায়নে সহযোগিতা করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু প্রশাসন বার বার আমাদের সাংবিধানিক অধিকার হরণ করছে। এই ধরনের আচরণ অগণতান্ত্রিক, অন্যায় ও অনৈতিক।”

পুরনো খবর:

শুক্রবারের সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মতিউর রহমান আকন্দ, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গোলাম মোস্তফা, হেলাল উদ্দিন, দেলওয়ার হোসাইন, শেখ আল আমিন, আশরাফুল আালম ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রথম দফায় গত মঙ্গলবার (১ অগাস্ট) ঢাকায় সমাবেশের অনুমতি চেয়ে মহানগর পুলিশের কাছে আবেদন করেছিল জামায়াত।

তখন অনুমতি না মেলায় শুক্রবার সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চেয়েও পায়নি দলটি।