২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের পরিস্থিতি কানাডার দূতকে জানাল বিএনপি

রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হয়েছে, তা জানাননি বিএনপি নেতারা।

দেশের পরিস্থিতি কানাডার দূতকে জানাল বিএনপি

কানাডার হাই কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2022, 06:48 PM

Updated : 14 Nov 2022, 06:48 PM

আগামী জাতীয় নির্বাচন ও দেশের মানবাধিকার হালচাল নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে দুই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে কানাডার হাইকমিশনার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানেই বিএনপি মহাসচিবের সঙ্গে তার বৈঠক হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

পরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে আমাদের যে মানবাধিকার পরিস্থিতি, আগামী নির্বাচন, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ইত্যাদি সব বিষয়ে আলাপ হয়েছে সার্বিকভাবে। আমরা ভালো আলোচনা করেছি।

“কানাডা মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, জীবনের নিরাপত্তা, আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয়। কানাডাসহ কয়েকটা দেশ এগুলোতে দৃঢ় অবস্থান নেয় সবসময়। তারা কিন্তু বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময়.. তাদের ও্য়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যেটা, বাংলাদেশ সরকারকে বাইলেটারেলি বলে আসছে যে, এখানে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।”

মানবাধিকার বিষয়ে কানাডার প্রতিক্রিয়ার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, “কানাডার পক্ষ থেকে কনসার্ন তো আছেই। স্বাভাবিক।

“বাংলাদেশের জনগণের যেরকম কনসার্ন আছে, সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো, মাল্টিলেটারেল বডি এবং মানবাধিকার সংস্থা সবার যেমন কনসার্ন আছে, তাদেরও (কানাডা) তো কনসার্ন থাকা… বিশেষ করে মানবাধিকারের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি, গণতন্ত্রের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি।”

নির্বাচন নিয়ে বিএনপি কী বলেছে- প্রশ্নে আমীর খসরু বলের, “ভেতরে কী আলোচনা হয়েছে, সেটা এখানে বলতে পারব না। এটা আপনারা বুঝতেই পারছেন।”

বাংলাদেশের জন্য কানাডার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা সবাই জানি, বাংলাদেশ-কানাডার মধ্যকার সম্পর্কটা ডাইভারসিফাইড একটা সম্পর্ক।”

নিজে বাণিজ্যমন্ত্রী থাকাকালে কানাডায় রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আদায়ের বিষয়টি তুলে ধরে আমীর খসরু বলেন, “আমাদের বড় একটা রপ্তানির জায়গা কানাডা। আমদানির জন্য বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা। আমাদের মূল কিছু জিনিস যেমন গম, ডাল, ডাল জাতীয় খাদ্যদ্রব্য, যার একটা বড় অংশ কানাডা থেকে আমাদের দেশে আসে।”

এখন বাংলাদেশের শিক্ষার্থীদের কানাডাকে বেছে নেওয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন,  

“সেখানে বাংলাদেশের একটা বড় বংশোদ্ভূত শ্রেণি বাস করছে, যারা কানাডার অর্থনীতিতে ও সমাজে কনট্রিবিউট করছে।”