২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছর আগের মামলায় রিজভীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণ

নাশকতার অভিযোগে আরও তিন মামলায় বিএনপির এই নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দুই বছর আগের মামলায় রিজভীর বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে গ্রহণ

গত ৭ ডিসেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন রুহুল কবির রিজভী। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2022, 09:19 PM

Updated : 29 Dec 2022, 09:19 PM

ঢাকার পল্লবীতে দুই বছর আগের হাতবোমা বিস্ফোরণের এক মামলায় বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে আসামি করে দেওয়া অভিযোগপত্র নিয়েছে আদালত।

পুলিশের দেওয়া এই অভিযোগপত্র বৃহস্পতিবার গ্রহণ করেন ঢাকার মহানগর হাকিম তরিকুল ইসলাম।

তিনি রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দেন। এই আদেশ তামিলের প্রতিবেদন দাখিলের জন্য ২ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন তিনি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী এখন কারাগারে রয়েছেন। গত ৭ ডিসেম্বর নয়া পল্টনের বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে কয়েকশ নেতা-কর্মীর সঙ্গে তিনিও গ্রেপ্তার হন।

পল্লবী থানার মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পল্লবী থানা এলাকায় রিজভীসহ বিএনপির ৬৯ নেতাকর্মী পুলিশকে হত্যার উদ্দেশ্যে তিন-চারটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যান।

সেই ঘটনায় পল্লবী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এই বছরের ২৯ জুন পল্লবী থানার এসআই নূরে আলম সিদ্দিকী রিজভীসহ ৬৯ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।

ছয় মাস আগে দেওয়া এই অভিযোগপত্রে রিজভীসহ ১৩ জনকে পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন তদন্ত কর্মকর্তা।

বৃহষ্পতিবার আসামিদের ছয়জন জামিন নেন। রিজভীসহ বাকি সাতজনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

নাশকতার অভিযোগে পল্টন ও বাড্ডা থানার পৃথক তিন মামলায় একই দিন রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তার প্রধান আইনজীবী, বিএনপি নেতা মাসুদ আহমেদ তালুকদার।