Published : 06 Oct 2023, 01:32 AM
'গণতান্ত্রিক ছাত্রশক্তি' আত্মপ্রকাশের ঘোষণার কয়েক ঘণ্টা পরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির আহ্বায়ক আখতার হোসেনসহ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুর পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমাণু শক্তি কমিশনের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নতুন ছাত্র সংগঠনটির সদস্য সচিব নাহিদ ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কমিটি ঘোষণা শেষে আমরা শোভাযাত্রা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের দিকে যাচ্ছিলাম। তখন পরমাণু শক্তি কমিশনের সামনে ছাত্রলীগের একদল নেতা-কর্মী মোটর সাইকেল নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়। এতে আখতার ভাইসহ আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।"
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানিয়ে নাহিদ বলেছেন, “আখতারের ঠোঁট মুখ কেটে রক্ত বের হয়েছে, এছাড়া তার মাথার সিটি স্ক্যান করানো হচ্ছে।”
হামলাকারীরা ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী বলে জানতে পারার কথাও বলেন নাহিদ।
তবে অভিযোগ অস্বীকার করে সৈকত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা (গণতান্ত্রিক ছাত্রশক্তি) নুরদের (নুরুল হক নুর) কাছ থেকে বেঈমানির শিকার হয়ে নতুন ছাত্রসংগঠন খুলেছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।”
তিনি বলেন, "আখতার আমার সহযোগিতা চেয়েছেন, সহযোগিতা করা হয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিদিন রুটিন ওয়ার্ক হিসেবে মধুর ক্যান্টিনে ছিল। তাই তারা ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে নতুন দলের ঘোষণা দেয়। ছাত্রলীগের নেতা-কর্মীরা বিন্দুমাত্র কোনো বাধা দেয়নি, সে জায়গায় কোনো ধরনের হামলা করার প্রশ্নই উঠে না। "
এদিন বেলা ১২ টায় ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনেরে নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
সংগঠনের নেতা-কর্মীরা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন ছাত্রঅধিকার পরিষদে ছিলেন। নানা বিষয়ে বিরোধে নুরের দল গণঅধিকার পরিষদে ভাঙনের পর দল সমর্থিত ছাত্র সংগঠনেও ভাঙন দেখা দিল।
'গণতান্ত্রিক ছাত্রশক্তি'র দাবি, তারা রাজনৈতিক দলের 'লেজুড়বৃত্তিমুক্ত স্বতন্ত্র একটি ছাত্র সংগঠন'।
প্রাথমিকভাবে গঠিত ২১ সদস্যের কমিটিতে আখতার হোসেন নিজেই আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ ইসলাম সদস্য সচিব হয়েছেন।
এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে বলেও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৪ অক্টোবর ২০২৩ তারিখে:
https://www.facebook.com/bdnews24/posts/pfbid02GgJ8P5wfmtqFcZ5azURWBbsYoTKBMJjtjZ7xxgyMFnUkctijw9KN75hPZKCGZ5A9l